গণতন্ত্র রক্ষায় ভোটের লড়াইয়ে বিজয়ী হতে হবে: তাবিথ
গণসংযোগকালে বক্তব্য দেন তাবিথ আউয়াল- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০ | ০১:০৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ | ০১:৫২
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, সব ষড়যন্ত্র রুখে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষায় ১ ফেব্রুয়ারি ভোটের লড়াইয়ে বিজয়ী হতে হবে।
রোববার দুপুর ১২টার দিকে মিরপুর বিআরটিএ এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
তাবিথ আউয়াল বলেন, 'নির্বাচন কমিশন শুরু থেকেই বিতর্ক সৃষ্টি করেছে। আমরা এখনও দেখতে চাই নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণে কি কি পদক্ষেপ নেয়। আমরা সেদিকেই তাকিয়ে আছি।'
তিনি বলেন, 'সরস্বতী পূজা উপলক্ষে নির্বাচন দুই দিন পিছিয়ে একটি গ্রহণযোগ্য তারিখ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষাও পিছিয়েছে। যে কারণে পরীক্ষার্থীরা মনক্ষুণ্ণ হতে পারে। তাদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি।'
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকার দুই সিটি করপোরশনের দুই মেয়র প্রার্থী ও দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, হাবিবুর রহমান হাবিবুর হাবিব, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসান, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
