ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

‘এত পরিশ্রম করি, এত মেধা খাটাই কিসের জন্য?’

‘এত পরিশ্রম করি, এত মেধা খাটাই কিসের জন্য?’
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০ | ১০:০৬

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সুষ্ঠু নির্বাচন সম্ভব দাবি করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, 'এত পরিশ্রম করি, এত মেধা খাটাই কিসের জন্য? ভোটারের ভোট দেওয়া নিশ্চিত করতেই এত পরিশ্রম।'

মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী কলেজে ইভিএমে ভোটদান প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় দক্ষিণ সিটির রিটার্নিং অফিসার আবদুল বাতেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি আরও বলেন, সব কেন্দ্রে প্রদর্শন হচ্ছে, যাতে জনগণ জানতে ও বুঝতে পারে। আগে জাল ভোটের সুযোগ ছিল স্বীকার করে তিনি বলেন, তখন ব্যালট ছিনতাইয়েরও সুযোগ ছিল, কিন্তু ইভিএমে সেটা থাকছে না।

ইভিএমের যৌক্তিকতা অনেক বেশি দাবি করে সিইসি বলেন, ইভিএমের মাধ্যমেই ভোটার নিজের ভোট দিতে পারবে। 

অনেকেরই ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না এর কারণ সম্পর্কে তিনি বলেন, এর দুটি কারণ হতে পারে- একটি হচ্ছে, তিনি এই কেন্দ্রের ভোটার না অথবা পাশের বুথের ভোটার। 

এতে সময় নষ্ট হচ্ছে বলে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সবার এ রকম হবে না, এটা হয়তো দু-একজনের হতে পারে। হাতের রেখা বিলীন হয়ে গেছে বা ডিসপ্লেসড হয়ে গেছে, এ রকম হতে পারে দু-একজনের।

বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে- এ বিষয়ে সিইসি বলেন, মারামারি হওয়া খারাপ। এটা তো ক্রিমিনাল অফেন্সের ধারায় ভুক্তভোগীরা মামলা করবে। এরপর পুলিশ ব্যবস্থা নেবে। আমাদের তাৎক্ষণিক কিছু করার নেই।

গোপীবাগের সংঘর্ষের পর এক পুলিশ সদস্য মোবাইলে নিজেদের পার্টির অবস্থান জানাচ্ছিলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, এ প্রসঙ্গে নূরুল হুদা বলেন, পুলিশের সঙ্গে যে লোকজন থাকে, তাকে পার্টি বলে। পুলিশের পার্টি মানে পুলিশের সঙ্গীরা। তিনি (ওই পুলিশ সদস্য) পুলিশের পার্টি বুঝিয়েছেন, দলের পার্টি না।

আরও পড়ুন

×