ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভরাডুবি বুঝে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে বিএনপি: তথ্যমন্ত্রী

ভরাডুবি বুঝে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে বিএনপি: তথ্যমন্ত্রী
×

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০ | ০৬:৩৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ | ০৬:৩৭

'ভরাডুবি' বুঝতে পেরে বিএনপি ঢাকা সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মুজিববর্ষ উপলক্ষে বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র লীগ আয়োজিত আনন্দ র‌্যালি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, 'ক'দিন পরেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন। তারা (বিএনপি) বুঝতে পেরেছে- নির্বাচনে তাদের ভরাডুবি হতে যাচ্ছে। তাই এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা ও হাঙ্গামার জন্য তারা নানা ধরনের ষড়যন্ত্র আঁকছে। তাদের যে পেট্রোল বোমাবাহিনী, তাদেরকে তারা আনছে এবং সক্রিয় করছে। সবাইকে এ জন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।

নির্বাচন সুষ্ঠু হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, 'বিএনপি যদি নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত না করে তাহলে সুষ্ঠু নির্বাচন হবে। ইতোমধ্যে তারা অনুধাবন করতে পারছে যে, জনগণ তাদের সাথে নেই। যে কারণে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে তারা।'

তিনি আরও বলেন, 'সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশন যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার সেটিকে সর্বাত্মকভাবে সহায়তা করবে। নির্বাচন কারও অধীনে হয় না, সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করে।'

চলচ্চিত্র লীগের আনন্দ র‌্যালিতে অংশ নেন বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজন সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক আলমগীর, চলচ্চিত্র লীগের সভাপতি মীর্জা আবদুল খালেক, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা মৌসুমী প্রমুখ।

আরও পড়ুন

×