ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

পূজা বিবেচনায় রেখে ভোটকক্ষ সাজাবে ইসি

পূজা বিবেচনায় রেখে ভোটকক্ষ সাজাবে ইসি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০ | ০৯:৪৩

সরস্বতী পূজা নির্বিঘ্নে উদযাপনের বিষয়টি বিবেচনায় রেখে ভোটকক্ষ সাজানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দুই সিটির মোট ৫৩টি কেন্দ্র চিহ্নিত করেছে তারা। এসব কেন্দ্রে পূজার আয়োজনের পাশাপাশি ভোটও নেওয়া হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির ২৭টি ও দক্ষিণ সিটির ২৬টি ভোটকেন্দ্রে পূজা উদযাপিত হবে বলে কমিশন চিহ্নিত করেছে। ওইসব প্রতিষ্ঠানে পূজা উদযাপনের নির্ধারিত স্থান বা কক্ষে ভোটকক্ষ বানাবে না ইসি।

বৃহস্পতিবার নির্বাচন ভবনে এক অনানুষ্ঠানিক কমিশন সভায় ঢাকার দুই রিটার্নিং কর্মকর্তাকে এমনই নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ভোটের দিন ভোটারদের যাতায়াতের সুবিধার্থে প্রাইভেটকার চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকের পর ইসির সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের জানান, কতগুলো কেন্দ্রে পূজা হয়, তার একটি খসড়া তালিকা করা হয়েছে। এতে দেখা গেছে, ঢাকা উত্তর সিটিতে এক হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে ২৭টি ও দক্ষিণ সিটির এক হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে ২৬টিতে পূজা উদযাপন হয়। তিনি জানান, কোন জায়গায় পূজা হয়, তার খোঁজ নেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, অগ্রণী বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে পূজা হয়, ক্লাসরুমে তাদের কোনো আয়োজন থাকে না। ওই প্রতিষ্ঠানের কিছু কক্ষে ভোটকক্ষ এমনভাবে স্থাপন করা হবে, যাতে ভোটের কারণে পূজার সমস্যা না হয়। রিটার্নিং কর্মকর্তারা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। প্রতিষ্ঠানপ্রধানরা জানিয়েছেন, ভোট ও পূজা করতে কোনো সমস্যা নেই।

আন্দোলনকারীদের উদ্দেশে ইসি সচিব বলেন, তারা যেন কোনো বিভ্রান্তির কবলে না পড়ে, কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না করে; তারা যেন লেখাপড়ায় মনোযোগ দেয়। কারণ এটা দেখার জন্য দেশের অনেক যোগ্য ব্যক্তি আছেন। আদালত রোববার আপিলের রায় দেবেন। কাজেই ছাত্রদের এটা নিয়ে সময় নষ্ট করা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

বৈঠকের আলোচনা বিষয়ে মো. আলমগীর বলেন, ঢাকার দুই সিটি নির্বাচনের দিন শুধু ভোট দেওয়ার জন্য প্রাইভেটকার ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য পুলিশকে দেখাতে হবে। প্রাইভেটকারের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে তিনি বলেন, এক এলাকায় বসবাস করেন কিন্তু ভোটার অন্য এলাকার। তারা তাদের প্রাইভেটকার নিয়ে ভোট দিতে পারবেন। যদি পুলিশ ধরে, বাসার ঠিকানা আর ভোটার আইডি কার্ড দেখিয়ে বলতে হবে- ভোট দিতে আসছি। তাহলেই চলাচল করতে পারবেন। এ ছাড়া ভোটের দিন ঢাকা থেকে বহিরাগত বের করার কোনো সিদ্ধান্ত হয়নি বলেও সচিব জানান।

আচরণবিধি লঙ্ঘনে ইসি কী পদক্ষেপ নিচ্ছে- জানতে চাইলে ইসি সচিব বলেন, আচরণ বিধিমালা লঙ্ঘন করে প্রচার করলে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দেখবেন। ইতোমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ তারা নিয়েছেন; শাস্তিও দিয়েছেন। ভবিষ্যতে বিধি ভঙ্গ করলে আরও কঠোর শাস্তি দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ অস্ত্র যাদের কাছে, তাদের ধরতে জোরদার পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রস্তুতি বিষয়ে ইসি সচিব বলেন, প্রস্তুতি সন্তোষজনক। কোনো চ্যালেঞ্জ নেই। তবে প্রার্থীরা যত সক্রিয় থাকবেন, নির্বাচনে ভোটার উপস্থিতি তত বাড়বে। অনেকেই ভোট নয়, পরিচিতি বাড়ানোর জন্য প্রার্থী হন। কেউ সরে গেলে কী করার আছে!


আরও পড়ুন

×