হৃদ্রোগে মারা গেলেন বিসিবি কোচ ছোটন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ১৬:৩৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ | ১৬:৩৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা জেলা কোচ মোসাদ্দেক হোসেন ছোটন মারা গেছেন। আজ সকালে ঢাকায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।
মোসাদ্দেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
দীর্ঘদিন ধরে দেশের তৃণমূল ও বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়নে কাজ করেছেন মোসাদ্দেক। ২০১১ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ দলের বিভাগীয় কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেন তিনি। যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) বিভিন্ন দলের সঙ্গেও যুক্ত ছিলেন এই কোচ।
ঢাকা জেলা কোচ হওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবে কাজ করেছেন মোসাদ্দেক। সবশেষ রবি বোলার হান্টের ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন তিনি। তার মৃত্যুতে দেশের ক্রিকেট অঙ্গন হারাল তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন কাজ করা একজন অভিজ্ঞ কোচকে।
- বিষয় :
- বিসিবি