ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

শান্তদের হারাতে চেন্নাইয়ে ক্যাম্প ক্যারিবীয়দের

শান্তদের হারাতে চেন্নাইয়ে ক্যাম্প ক্যারিবীয়দের
×
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ১২:২৮

ওয়েস্ট ইন্ডিজের টি২০ দল ভারতের সঙ্গে সিরিজ খেলার সময় তাদের টেস্ট ক্রিকেটাররা অনুশীলনে ছিলেন চেন্নাইয়ে। এম.এ চিদাম্বর স্টেডিয়ামের একাডেমিতে ১০ থেকে ১২ দিনের একটি ক্যাম্প করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মতো চেন্নাইয়ের উইকেটও কালো মাটির। ঢাকা টেস্টের প্রস্তুতির অংশ হিসেবে ভারতে কন্ডিশনিং ক্যাম্প করা ক্যারিবীয়দের। বোঝাই যায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজটি খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে তারা। নিজেদের শেষ সিরিজটি ২-০ ব্যবধানে জয়ের স্বপ্ন দেখে ড্যারেন স্যামির দল। সেটা করতে পারলে ৫৪ পয়েন্ট নিয়ে ২০২৫-২৭ টেস্ট সাইকেল শেষ করতে পারবে তারা। পাঁচটি সিরিজ শেষে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ, তাই মরিয়া হয়ে চেষ্টা করবে বাংলাদেশকে হারাতে।

ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি উপমহাদেশের কন্ডিশন ভালো বোঝেন। এ কারণে ঢাকা ও সিলেটের জন্য আলাদাভাবে প্রস্তুত করছেন ক্রিকেটারদের। চেন্নাইয়ের জল-হাওয়া বাংলাদেশের মতো। উইকেট, আবহাওয়া মিলে ঢাকার টেস্টের প্রস্তুতি সেরে ফেলেছে তারা। ঢাকার কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় পাচ্ছে। রোস্টন চেজরা ঢাকায় এসেছেন টেস্ট সিরিজ শুরুর ১০ দিন আগে। ২৮ অক্টোবর প্রথম টেস্ট। এর আগে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আনভির ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে ২২ ও ২৩ অক্টোবর। যদিও প্রস্তুতি ম্যাচ খেলে উইকেট সম্পর্কে ‘ফেক কনফিডেন্স’ পাওয়ার সম্ভাবনা বেশি। সাদামাটা উইকেটে খেলা হবে ম্যাচটি। আর মিরপুর টেস্ট হবে স্পোর্টিং উইকেটে। গত কয়েকটি সিরিজ এভাবেই খেলে সফল হয়েছে বাংলাদেশ। দেশে ভালো উইকেটে খেলার সুফল অস্ট্রেলিয়ায় পেয়েছেন নাজমুল হোসেনরা। এই বিষয়টি অজানা নয় ড্যারেন স্যামি বা রোস্টন চেজের। ঢাকায় পা রাখার আগে ভালোভাবে পড়ালেখা করে এসেছেন তারা। বাংলাদেশকে টেস্টে হারানোর ঘোষণাও দিয়েছেন স্যামি। ভারতে টি২০ সিরিজ শেষে দেশটির মিডিয়ায় নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।

ক্যারিবীয়রা অনেক স্বপ্ন দেখলেও বাংলাদেশ ছেড়ে দেবে না। কারণ টেস্টে ভালো ক্রিকেট খেলছেন নাজমুল হোসেনরা। অস্ট্রেলিয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ ড্র করেছেন ১-১ ব্যবধানে। ডারউইনে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। সম্প্রতি আবুধাবিতে আফগানিস্তানের সঙ্গে একমাত্র টেস্ট ম্যাচ ড্র করলেও ব্যাটিং ভালো হয়েছে। হোম সিরিজেও সেরাটা খেলার চেষ্টা করবেন তারা। জাতীয় দল নির্বাচক প্যানেল আশা করে, সেরা দল নিয়ে সিরিজ খেলতে পারবে। ফাস্ট বোলার নাহিদ রানা ছাড়া বোলিং ইউনিটে কোনো সমস্যা নেই। টানা ভালো করছেন হাসান মাহমুদ। শরিফুল ইসলাম আবুধাবি টেস্ট না খেললেও বোলিং ভালো করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। খালেদ আহমেদ ছন্দে ছিলেন কাউন্টি ক্রিকেটে। এবাদত হোসেনও কার্যকর ছিলেন আফগানিস্তানের বিপক্ষে। 

টেস্টের ব্যাটিং ইউনিট বেশ কার্যকর। তানজিদ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ রান পেয়েছেন শেষ ম্যাচে। যদিও লিটনের হিপ জয়েন্টের ব্যথা নিয়ে কিছুটা দুশ্চিন্তায় দল। তবে আবুধাবিতে এমআরআই রিপোর্টে কোনো চোট ধরা পড়েনি। দেশে ফিরে মেডিকেল বিভাগের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছেন। বিসিবির একটি সূত্রে জানা গেছে, তিন থেকে চার দিন পর্যবেক্ষণে রাখা হবে উইকেটরক্ষক এ ব্যাটারকে। 

প্রধান নির্বাচক হাবিবুল বাশার আশা করছেন, উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন লিটন। তবে মেডিকেল বিভাগ উইকেটরক্ষক এ ব্যাটারকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি নয়। আগের তিক্ত অভিজ্ঞতা থাকায় সতর্ক পদক্ষেপ তাদের। যেটুকু জানা গেছে, লিটনের হিপ জয়েন্টে কোনো চোট নেই। ফাস্ট বোলার নাহিদ রানার কেসটা সম্পূর্ণ ভিন্ন। গুপ্ত চোট না থাকলেও তাঁকে অস্ট্রেলিয়া পাঠানো হয়েছে নিতম্বের পেশির ব্যথার উৎস খুঁজে বের করার জন্য। কারণ নাহিদ রানা বিশ্ব ক্রিকেটে একজন ‘স্পেশাল’ ফাস্ট বোলার।

আরও পড়ুন

×