জিম্বাবুয়ের কাছে হারের পর জরিমানা গুনল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৮:২৮
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারের পর এবার জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের কোটা শেষ করতে না পারায় বাংলাদেশ দলকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয় অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
সোমবারের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়ে ৯৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করে বাংলাদেশ। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের কোটা পূরণ করতে না পারলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। সেই নিয়মেই বাংলাদেশের ওপর এই জরিমানা আরোপ করা হয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে স্লো-ওভার রেটের অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার আলাহউদ্দিন পালেকার ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুরানি। পরে ম্যাচ রেফারি ডেভিড গিলবার্ট শাস্তি ঘোষণা করেন।
- বিষয় :
- বাংলাদেশ ক্রিকেট
- জরিমানা
- ত্রিদেশীয় সিরিজ