ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে যে সমীকরণ বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে যে সমীকরণ বাংলাদেশের
×
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৭:৫৭ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ১৮:০৫

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে। তিন দলের এই প্রতিযোগিতায় প্রত্যেকে একবার করে মুখোমুখি হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। তবে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরে বাংলাদেশের ফাইনালের পথ কঠিন হয়ে পড়েছে।

আজ সোমবার জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচের দিকে তাই বিশেষ নজর থাকবে বাংলাদেশের। আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয়েছে ম্যাচটি। টসে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে আগে ব্যাটিং করছে আফগানিস্তান। এই লড়াইয়ের ফলের ওপর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা।

জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের হারে বাংলাদেশের নেট রানরেট নেমে গেছে মাইনাস ১.৯৮০-এ। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে ১৭২ রানেই অলআউট হয় তাওহীদ হৃদয়ের দল। ফলে শেষ ম্যাচে শুধু জয় পেলেই চলবে না, রানরেটের হিসাবও মাথায় রাখতে হবে বাংলাদেশকে।

আজকের ম্যাচে জিম্বাবুয়ে জিতলে বাংলাদেশের সামনে সমীকরণ তুলনামূলক সহজ হবে। সে ক্ষেত্রে আগামী ২০ অক্টোবর শারজায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি কার্যত সেমিফাইনালে পরিণত হবে। ওই ম্যাচে আফগানদের হারাতে পারলেই ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

তবে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান জিতলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে। তখন নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি নেট রানরেটেও বড় উন্নতি আনতে হবে বাংলাদেশকে। অর্থাৎ, জিততে হবে বড় ব্যবধানে। বাংলাদেশের বিপক্ষে বড় জয় পাওয়ায় রানরেটের হিসাবে আপাতত এগিয়ে আছে জিম্বাবুয়ে।

আরও পড়ুন

×