আনভীর ক্রিকেট স্টেডিয়াম দেখে সন্তুষ্ট বিসিবির প্রতিনিধি দল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৮:২৩
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের আগে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধি দল। মাঠ, উইকেট, ড্রেসিংরুম, চিকিৎসাসেবা ও গণমাধ্যমের জন্য বরাদ্দ সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেছেন কর্মকর্তারা। পাশাপাশি কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় উন্নয়নের বিষয়ও চিহ্নিত করেছেন তারা।
আগামী ২২ ও ২৩ অক্টোবর এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এ আয়োজন নির্বিঘ্ন করতে সোমবার ছয় সদস্যের প্রতিনিধি দলটি ভেন্যুর অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পর্যালোচনা করে।
বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখে। পরিদর্শন শেষে ভেন্যুটির সুযোগ-সুবিধা এবং আয়োজকদের সহযোগিতার প্রশংসা করেন তিনি। সৈয়দ আব্দুল বাতেন বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে বিসিবির প্রস্তুতি ম্যাচ আয়োজনের অভিজ্ঞতা এবারই প্রথম। তিনি বলেন, ‘এটা অসাধারণ একটি ভেন্যু। আমরা অনেক দিন ধরেই খেলাধুলার আয়োজনের সঙ্গে যুক্ত। তবে এই প্রথম বিসিবি এ ধরনের একটি ওয়ার্ম-আপ ম্যাচ কোনো প্রতিষ্ঠানের নিজস্ব ভেন্যুতে আয়োজন করছে।’
পরিদর্শনে উইকেট, আউটফিল্ড, ড্রেসিংরুম, চিকিৎসা ও লজিস্টিক সুবিধার পাশাপাশি সাংবাদিকদের বসার জায়গা এবং সংবাদ কাভারেজের ব্যবস্থাও খতিয়ে দেখা হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্ট হলেও কিছু জায়গায় সামান্য পরিবর্তন ও উন্নয়নের প্রয়োজন রয়েছে। সেগুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে।
এই প্রস্তুতি ম্যাচকে ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্রিকেট আয়োজনের সক্ষমতা যাচাইয়ের সুযোগ হিসেবে দেখছে এবিজি স্পোর্টস সিটি। প্রতিষ্ঠানটিতে আরও একটি ক্রিকেট মাঠ নির্মাণের কাজ চলছে। পাশাপাশি রয়েছে অনুশীলনের ব্যবস্থা।
সৈয়দ আব্দুল বাতেন বলেন, ‘দুই দিনের এই প্রস্তুতি ম্যাচ আমাদের জন্য একটি টেস্ট কেস। বসুন্ধরায় আরও একটি মাঠ তৈরি হচ্ছে। তাদের ভালো অনুশীলন সুবিধাও রয়েছে।’
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনকে আনভীর ক্রিকেট স্টেডিয়াম ও এবিজি স্পোর্টস সিটির জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ ইমরুল হাসান। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুই দিনের একটি ম্যাচ হবে। এবিজি স্পোর্টস সিটি ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামের জন্য এটি অবশ্যই গৌরবের বিষয়।’
বিসিবির প্রতিনিধি দলকে মাঠ, ড্রেসিংরুম, সাংবাদিকদের কক্ষ ও মেডিকেল রুমসহ বিভিন্ন সুবিধা দেখানোর কথা জানিয়ে ইমরুল হাসান বলেন, তাঁরা বিসিবির দিকনির্দেশনা অনুযায়ী প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছেন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলের কর্মকর্তারা সন্তুষ্ট বলে তাঁর মনে হয়েছে।
এর আগে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মাঠটিতে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের ম্যাচও আয়োজন করা হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি ভেন্যুটির জন্য আন্তর্জাতিক দলের অংশগ্রহণে ম্যাচ আয়োজনের নতুন অভিজ্ঞতা নিয়ে আসছে।
পরিদর্শনের সময় এবিজি স্পোর্টস সিটির পরিচালক মোঃ ইমরুল হাসান, সিনিয়র জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল শোয়েব শফিকসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।