নিকলীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত
নিহত কাছুম আলী
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১২:৪৭ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৩:২৪
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাবেক এক ইউপি সদস্যসহ আরও দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার ছাতিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাছুম আলী (৬৫) ছাতিরচর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন সাবেক ইউপি সদস্য রমিজ উদ্দিন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে ছাতিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী কাঞ্চনের ছেলে সনি, মোমরাজ, ঝুমন, খোকন, মাসুদসহ আরও কয়েকজনকে নিয়ে ঘোড়াউত্রা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও স্টিলবডি নৌকায় বালু তোলার চেষ্টা করেন। স্থানীয় লোকজন এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
অভিযোগ রয়েছে, রাত সাড়ে ১২টার দিকে বাজার এলাকায় কাছুম আলী, রমিজ উদ্দিন ও তাদের সঙ্গে থাকা লোকজনের ওপর ১০ থেকে ১২ জনের একটি দল হামলা চালায়। এতে কাছুম আলী ঘটনাস্থলে মারা যান। রমিজ উদ্দিনসহ আরও দুজন আহত হন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, কাছুম আলীর শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আহত রমিজ উদ্দিনের শরীরে দুই-তিনটি আঁচড়ের দাগ রয়েছে। অপর একজন সামান্য আহত হয়েছেন।
ওসি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িত উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। অভিযোগের ভিত্তিতে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত উভয় পক্ষই বিএনপির কর্মী। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দলীয়ভাবেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- বালু উত্তোলন
- সংঘর্ষে নিহত