ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

পূর্ণিমার জায়গায় বিচারক জয়া, থাকছে ১৫ লাখ টাকা পুরস্কার

পূর্ণিমার জায়গায় বিচারক জয়া, থাকছে ১৫ লাখ টাকা পুরস্কার
×
×

জয়া আহসান। ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ১৯:৫৯ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৬ | ২০:৪০

দেশীয় টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় রান্নাবিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র নতুন আসরে আসছে বড় পরিবর্তন। দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠানের বিচারকের আসনে চিত্রনায়িকা পূর্ণিমাকে দেখা গেলেও, এবার তাঁর স্থানে যুক্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফলে এবারের সিজনে শোটির আকর্ষণ বহুগুণ বেড়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও, রান্নার কোনো অনুষ্ঠানে এই প্রথম বিচারকের দায়িত্ব পালন করতে দেখা যাবে জয়াকে।  

সম্প্রতি একটি ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই তারকা অভিনেত্রী। ভিডিও বার্তায় জয়া বলেন, ‘কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনী সিজন ৯-এ বিচারক হিসেবে আমি থাকছি। যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না নিয়ে নানারকম স্বপ্ন দেখেন, তাদের জন্য এই আয়োজন। ২০ বছর ধরে এমন অনেক রাঁধুনীর জীবন বদলের রেসিপি হচ্ছে সেরা রাঁধুনী। সেই রাঁধুনীদের সঙ্গে শিগগির দেখা হচ্ছে সেরা রাঁধুনীর মঞ্চে।’

জানা গেছে, ‘সেরা রাঁধুনী’র বিগত আটটি সিজনের মধ্যে চারটিতেই বিচারকের আসনে ছিলেন পূর্ণিমা। এমনকি গত সিজনেও তিনি প্রতিযোগীদের রান্না চেখে সেরাদের নির্বাচন করেছিলেন। ব্যক্তিগত কারণে এই রিয়েলিটি শো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পূর্ণিমা। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক বক্তব্য দেননি পূর্ণিমা।

এদিকে জয়া আহসানের সঙ্গে সেরা রাঁধুনীর এই নতুন সিজনে বিচারকের দায়িত্বে আরও থাকছেন দুই পেশাদার শেফ শুভব্রত মৈত্র এবং শাহিদ শাহিন। ইতোমধ্যে অনুষ্ঠানটির নবম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যা চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় বিজয়ী সেরা রাঁধুনী পুরস্কার হিসেবে পাবেন আকর্ষণীয় ১৫ লাখ টাকা।

জনপ্রিয় এই রিয়েলিটি শোতে জয়া আহসানের সংযুক্তি এবং নতুন বিচারক প্যানেলের উপস্থিতি দর্শকদের মাঝে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এদিকে গত ১০ জুলাই ভারতে মুক্তি পাওয়া ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমাটি প্রেক্ষাগৃহে ১০০ দিন পার করেছে। মুক্তির পর দর্শকের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে সিনেমাটি। বিশেষ করে জয়া আহসানের অভিনীত চরিত্রটি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

পর্দায় জয়া আহসানের উপস্থিতি মানেই যেন এক ধরনের ভিন্নতা। তিনি কেবল একটি চরিত্রে অভিনয় করেন না, চরিত্রটিকে নিজের ভেতরে ধারণ করে দর্শকের সামনে তুলে ধরেন। তাই তার প্রতিটি নতুন সিনেমা ঘিরেই তৈরি হয় আলাদা প্রত্যাশা। সেই প্রত্যাশারই আরেকটি সফল অধ্যায় ‘আজও অর্ধাঙ্গিনী’।

‘আজও অর্ধাঙ্গিনী’ মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’র পরবর্তী অধ্যায়। প্রথম সিনেমাটি সম্পর্কে সূক্ষ্ম টানাপোড়েন, ভালোবাসা, অভিমান, বিচ্ছেদ ও ক্ষমার গল্প বলে দর্শকের মন ছুঁয়েছিল। শুধু একটি পারিবারিক গল্প নয়, এটি ছিল মানুষের ভেতরের অনুভূতির গল্প। সেই গল্পেরই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। অতীতের স্মৃতি, বর্তমানের বাস্তবতা এবং সম্পর্কের নতুন সমীকরণ মিলিয়ে এগিয়ে যায় কাহিনি। 

আরও পড়ুন

×