ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

১২৬ টাকা ৫০ পয়সায় ডলার বেচতে চায় মানিচেঞ্জারগুলো

১২৬ টাকা ৫০ পয়সায় ডলার বেচতে চায় মানিচেঞ্জারগুলো
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ২২:২৭

চাহিদার তুলনায় সরবরাহ বেড়ে যাওয়ায় দ্রুত কমছে ডলারের দর। গত দুই সপ্তাহে আন্তঃব্যাংকে এক টাকা ২৪ পয়সা কমে সোমবার ১২২ টাকা ৫৬ পয়সায় নেমেছে। আর ব্যাংকগুলোতে নগদ ডলার বিক্রি হচ্ছে ১২৪ টাকা দরে। তবে মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলো ১২৫ টাকা ৫০ পয়সা দরে ডলার কিনে ১২৬ টাকা ৫০ পয়সায় বিক্রি করতে চায়। সোমবার এক সংবাদ সম্মেলন থেকে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমসিএবি) এমন দাবি জানিয়েছে।

সংগঠনের সভাপতি এমএস জামান বলেন, মানি চেঞ্জারের ডলারের অন্যতম প্রধান উৎস বিদেশ ফেরত প্রবাসী ও বিদেশ থেকে নিয়ে আসাদের নগদ বৈদেশিক মুদ্রা। কেন্দ্রীয় ব্যাংক বা কোনো ব্যাংক তাদের কোনো বৈদেশিক মুদ্রা সরবরাহ করে না। অথচ ডলারের দর বাড়লেই বাজার অস্থিরতার জন্য তাদের দায়ী করা হয়। অথচ বৈদেশিক মুদ্রাবাজারে নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের নেই। বাংলাদেশ ব্যাংক তাদের সাথে বিমাতাসুলভ আচরণ করছে।

এমসিএবি সভাপতি আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে বিদেশে থাকা বাংলাদেশিরা আন্তর্জাতিক বাজারে ডলারের দর সম্পর্কে সহজেই জানতে পারেন। ফলে তারা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা কম দামে বিক্রি করতে চাইবেন- এমনটা আশা করা বাস্তবসম্মত নয়।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, দেশে এখন ডলারের কোনো সঙ্কট নেই। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ৩৭ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। ব্যাংকগুলোর কাছে ৪ কোটি ডলার নগদ রয়েছে। যে কারণে ডলারের দর কমে যাচ্ছে। 

তিনি বলেন, কেমন দরে ডলার বেচাকেনা করবে এটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিষয়। তবে ব্যবসার নামে ব্যাংক বা মানি চেঞ্জার অস্বাভাবিক কিছু করলে কেন্দ্রীয় ব্যাংক তদারকি করে ব্যবস্থা নেবেই এটাই স্বাভাবিক।

আরও পড়ুন

×