ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা

নাটোরে চেম্বারে ঢুকে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৮

| প্রিন্ট সংস্করণ

নাটোরে এক হোমিও চিকিৎসক খুন হয়েছেন। গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে একজনকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুক না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পৃথক ঘটনায় নড়াইল সদর, চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও পাবনার ঈশ্বরদীতে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। 

নাটোরে চেম্বারে ঢুকে আনারুল ইসলাম (৬০) নামের এক হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার চাঁদপুর বাজারে এ ঘটনা ঘটে। আনারুল রাজশাহীর পুঠিয়া উপজেলার দাশমারিয়া এলাকার মৃত আজাহার আলীর ছেলে।
নিহতের শ্যালক রাসেল আহমেদ জানান, আনারুল প্রতিদিনের মতো বুধবার সকালেও তাঁর চেম্বারে আসেন। সন্ধ্যায় তিনি চেম্বারে বেঞ্চের ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি চেম্বারে প্রবেশ করে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গিয়ে রক্তাক্ত অবস্থায় আনারুল ইসলামকে প্রথমে চাঁদপুর আমজাদ খান মেমোরিয়াল হাসপাতালে ও পরে নাটোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গীতে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা
গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে বাসা থেকে ডেকে নিয়ে নুরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে গোপালপুর সোসাইটি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানার গোপালপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও এর নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে মরকুন ও পাগাড় এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ী মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নুরুল ইসলামকে বাসা থেকে ডেকে গোপালপুর সোসাইটি মাঠে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে তাঁকে হত্যা করে। টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আড়াইহাজারে যৌতুক না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যৌতুক না পেয়ে ঐশী পোদ্দার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সন্দেহে স্বামী এবং শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি (পশ্চিমপাড়া) গ্রামে। ঐশী পোদ্দার উলুকান্দি গ্রামের শান্ত রায়ের স্ত্রী এবং কুমিল্লার দাউদকান্দি উপজেলার ষাড়পাড়া এলাকার শংকর পোদ্দারের মেয়ে।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, ঐশীর বাবার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নড়াইলে বাড়িতে নলকূপের পানি পড়ার প্রতিবাদ করায় সাইফুল বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে আজমল বিশ্বাস, খাদিজা বেগম, হুসনেয়ারা বেগম, রানী খাতুন ও জেসমিন নাহারকে গ্রেপ্তার করেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আকদিয়া গ্রামের আজমল বিশ্বাসের নলকূপের ব্যবহৃত পানি সাইফুল বিশ্বাসের বাড়িতে গিয়ে পড়ে। গত মঙ্গলবার ভোরে বিষয়টির প্রতিবাদ করলে সাইফুল বিশ্বাসের ওপর হামলা করে আজমল বিশ্বাসের লোকজন। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। 

রাঙ্গুনিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ববিরোধের জেরে আব্দুল মান্নান (৬২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিয়ে-সংক্রান্ত বিষয় নিয়ে আব্দুল মান্নানের চাচাতো ভাইয়ের সঙ্গে একই এলাকার মোজাম্মেলের বিরোধ ছিল। গত মঙ্গলবার বিষয়টি নিয়ে আব্দুল মান্নানের সঙ্গে মোজাম্মেলের হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বিষয়টির মীমাংসা হয়। নিহতের ছেলে মো. মুন্নার অভিযোগ, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোজাম্মেল এশার নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে তাঁর বাবাকে কুপিয়ে জখম করেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

ঈশ্বরদীতে তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ
পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। নিহতের বাবা আনিছুর রহমান বলেন, ‘ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গতকাল বুধবার ভোরে ফোন করে ছেলে অসুস্থ বলে আমাকে জানানো হয়। সেখানে গিয়ে দেখি, ছেলেকে সংকটাপন্ন অবস্থায় বিছানায় শুইয়ে রাখা হয়েছে। জানতে চাইলে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয়, ভোরে কেউ তাকে অসুস্থ অবস্থায় রেখে যায়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। রাজশাহীতে নেওয়ার পথে অবস্থার অবনতি হওয়ায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান আসাদ জানান, প্রাথমিক তদন্তে তাঁর শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। 
(তথ্য দিয়েছেন ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতা)

আরও পড়ুন

×