ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বাণিজ্য মেলা বন্ধের দাবি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদ

বাণিজ্য মেলা বন্ধের দাবি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদ
×

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা পৌর শাখার উদ্যোগে গানাসাস মার্কেটের সামনে মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধের দাবি ও চলমান বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বুধবার মানববন্ধন করা হয় সমকাল

 গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৫

| প্রিন্ট সংস্করণ

গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রস্তাবিত মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধ, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি রোধ এবং চলমান তীব্র বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বুধবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা পৌর শাখার উদ্যোগে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা শহরের ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মার্কেটের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন দোকানপাট ও বিপণিবিতানের মালিকসহ সাধারণ ব্যবসায়ীরা অংশ নেন।

এনসিপি গাইবান্ধা পৌর শাখার আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনুর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ, জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক রাফি এবং ব্যবসায়ী ইমরান হোসেন।

জানা গেছে, আগামী ২৪ সেপ্টেম্বর সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে পুরাতন অফিসার্স কোয়ার্টার এলাকায় মাসব্যাপী এই বাণিজ্য মেলার প্রস্তুতি নিচ্ছে গাইবান্ধা চেম্বার অব কমার্স।
ব্যবসায়ীদের অভিযোগ, বিগত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা, রাত ৮টায় দোকান বন্ধের সরকারি নির্দেশনা এবং তীব্র লোডশেডিংয়ের কারণে তারা এমনিতেই আর্থিক লোকসানের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে মেলা অনুষ্ঠিত হলে স্থানীয় বাণিজ্য ধসে পড়বে এবং সাধারণ মানুষ বিদ্যুতের বাড়তি চাপে চরম ভোগান্তিতে পড়বে। বক্তারা আরও বলেন, মেলা প্রাঙ্গণের পাশে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হবে এবং শহরে চুরি-ছিনতাই বাড়ার ঝুঁকি তৈরি হবে। তাই অবিলম্বে মেলা বন্ধের দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছামিউল হুদা সুমেল জানান, স্থানীয় উদ্যোক্তাদের প্রসারের জন্য এই মেলার আয়োজন করা হচ্ছে। এতে স্থানীয় উদ্যোক্তাদের জন্য ১০টি ফ্রি স্টল থাকবে, যা সাধারণ ব্যবসায়ীদের কোনো ক্ষতি করবে না। শিক্ষার্থীদের অসুবিধার বিষয়টি খেয়াল রাখা হবে উল্লেখ করে তিনি জানান, মেলার অনুমতি প্রক্রিয়াধীন রয়েছে এবং ২৪ সেপ্টেম্বর সম্ভাব্য উদ্বোধনের সময় বিদ্যুৎ সংকট কেটে যাবে বলে তারা আশাবাদী।

আরও পড়ুন

×