ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

খেলার দ্বন্দ্বে তছনছ নেতার স্বজনের বাড়ি

খেলার দ্বন্দ্বে তছনছ নেতার স্বজনের বাড়ি
×

১০ মিনিটের হামলায় তছনছ হয়ে যাওয়া কৃষক মহিদুল ইসলামের বাড়ি। গতকাল বুধবার দুপুরে কুমারখালীর কুশলীবাসা স্কুলপাড়া থেকে তোলা সমকাল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪২

| প্রিন্ট সংস্করণ

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রদলের এক নেতার মামার বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কুশলীবাসা গ্রামের স্কুলপাড়ার এ ঘটনায় বাড়িটি তছনছ হয়ে গেছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন, হামলাকারীরা নগদ তিন লক্ষাধিক টাকা, ল্যাপটপ, কম্পিউটারের পিসি, ছয় বস্তা ধান লুটে নিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সম্প্রতি কুশলীবাসা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কুশলীবাসা স্পোর্টিং ক্লাবের ব্যানারে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এর নেতৃত্বে রয়েছেন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল পারভেজ, তাঁর মামা মহিদুল ইসলামের ছেলে আকাশসহ অন্যরা। বিষয়টি নিয়ে পাশের ছাগলাপাড়ার শাহিন, মিতুল ও লিখনদের সঙ্গে তাদের বিরোধ দেখা দেয়। মঙ্গলবার বিকেলে শিমুলের সমর্থকরা পথ আটকে প্রতিপক্ষের আলম শেখকে মারধর করেন। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে ছাগলাপাড়ার ১৫০-২০০ জন শিমুলের মামা মহিদুলের বাড়িতে হামলা চালায়।

গতকাল বুধবার দুপুরে সরেজমিন বাড়িঘরের বেড়া, ভেতরের আসবাব ও বিদ্যুতের মিটারে ভাঙচুরের ক্ষত দেখা যায়। এ সময় শিমুলের মামি আছিয়া খাতুন বলেন, ‘স্কুলের ওপর খেলা নিয়ে কী ঘটেছে, তা জানি না। সবাই খাতি (খেতে) বয়ছে। আনুমানিক রাত ৯টার দিকে ছাগলাপাড়ার ১৫০-২০০ জন লোক একযোগে বাড়িতে হামলা করে। আমরা ভয়ে দৌড়ি দিয়ে পালায়। আর ওরা ঘরবাড়িতে ভাঙচুর করে লুটপাট করে নিয়ে গেছে।’ তাঁর ভাষ্য, মাত্র ১০ মিনিটের তাণ্ডবে নগদ তিন লাখ ৩০ হাজার টাকা, ল্যাপটপ, কম্পিউটারের পিসি, ৬ বস্তা ধান নিয়ে যায় হামলাকারীরা। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
শিমুল পারভেজ ২০১৭ সাল থেকে এখানে থেকে পড়াশোনা করেন। তাঁর ভাষ্য, ‘মাঠে টুর্নামেন্ট ছাড়া হয়েছে। কয়েক দিন আগে প্রস্তুতি ম্যাচে ছাগলাপাড়ার শাহিন, মিতুল, লিখনরা বাধা দেয়। এ নিয়ে ঝামেলা চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে ওরা আমাদের তিন ভাইকে মারধর করে। আবার রাতে আমাদের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। থানায় মামলা করা হবে।’
লুটের অভিযোগ অস্বীকার করলেও ভাঙচুরের কথা স্বীকার করেন ছাগলাপাড়ার লোকজন। এই পাড়ার তোরাব আলীর অভিযোগ, ‘ওই মাঠে ছাগলাপাড়ার ছেলেপেলেকে খেলতে দেয় না শিমুলরা। এ নিয়ে বিরোধ চলছিল। গতকাল (মঙ্গলবার) বিকেলে আমাদের একজনকে মারধর করেছিল। রাতে অল্পবয়সের ছেলেপেলে জড়ো হয়ে ভাঙচুর করে ফেলেছে। আমরা ঠেকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তবে কেউ লুটপাট করেনি।’
খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানান কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×