ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

পাঁচ কোটি টাকার বেশি স্থিতিতে শুল্ক বাড়ছে

পাঁচ কোটি টাকার বেশি স্থিতিতে শুল্ক বাড়ছে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২২ | ০৬:৩৪ | আপডেট: ০৯ জুন ২০২২ | ০৬:৩৪

ছোট আমানতে আগের মতো থাকলেও ৫ কোটি টাকার বেশি আমানতে আবগারি শুল্কের হার বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।

এর ফলে বছরের যেকোনো সময় কারও অ্যাকাউন্টে ৫ কোটি টাকা বা এর চেয়ে বেশি জমা হলেই এখন থেকে গুনতে হবে ৫০ হাজার টাকা। এতদিন এই পরিমাণ ছিল ৪০ হাজার টাকা।

আমানত, ঋণ বা অন্য যে কোনো কারণে সর্বোচ্চ স্থিতির ভিত্তিতে বছরে একবার আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি কাটা হয়। ২০২০-২১ অর্থবছরে ১০ লাখ টাকার বেশি জমার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে শুল্ক বৃদ্ধি করে সরকার।

বর্তমানে বছরের যেকোনো সময় অ্যাকাউন্টে এক লাখ টাকা পর্যন্ত ডেবিট বা ক্রেডিট হলে আবগারি শুল্ক দিতে হয় না। ১ লাখ টাকার বেশি থেকে ১০ লাখ টাকা পর্যন্ত স্থিতিতে ৮০০ টাকা আবগারি শুল্ক দিতে হয়

এছাড়া ১০ লাখ টাকার বেশি থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৩ হাজার টাকা, ১ কোটি টাকার বেশি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ১৫ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়।

পাঁচ কোটি টাকার বেশি আমানতে ২০ সালের বাজেটে ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়। ২০১৭ সালের জুনের আগ পর্যন্ত এর পরিমাণ ১৫ হাজার টাকা ছিল।

আরও পড়ুন

×