ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগ পেল শপআপ

জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগ পেল শপআপ
×

ফাইল ছবি

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ১০:০৮

বাংলাদেশের বিজনেস টু বিজনেস (বিটুবি) কমার্স কোম্পানি শপআপ জাপানের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ক্রেডিট সাইসনের ৬৫ লাখ ডলারের বিনিয়োগ পেয়েছে। ক্রেডিট সাইসনের অঙ্গ প্রতিষ্ঠান সাইসন ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেড (এসআইএমপিএল) এ তহবিলের যোগান দিয়েছে। এর মাধ্যমে এসআইএমপিএল বাংলাদেশে প্রথম কৌশলগত বিনিয়োগ করেছে। এসআইএমপিএলের বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি এগিয়ে নিতে শপআপের সামর্থ্যের প্রতি আস্তার ইঙ্গিত। বুধবার শপআপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

ক্রেডিট সাইসন জাপানের তৃতীয় বৃহত্তম ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান। এর ক্রেডিট কার্ড গ্রাহকের সংখ্যা ২ কোটির বেশি। কনজুমার, করপোরেট এবং এমএসএমই অর্থায়নে বৈচিত্র্যময় অর্থায়নের জন্য এর সুপরিচিতি রয়েছে। জাপানের বাইরে ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো, থাইল্যান্ড এবং ভিয়েতনামে ক্রেডিট সাইসনের কার্যক্রম রয়েছে। অন্যদিকে শপআপ হলো কারখানা এবং বাজারের মধ্যে সংযোগ স্থাপনে প্রযুক্তিভিত্তিক সাপ্লাই চেইন কোম্পানি।  

শপআপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আলীফ জামান বলেন, ‘দেশের ৮ কোটির বেশি মানুষের কাছে আমাদের পৌঁছানোর স্বপ্ন এখন আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা খাদ্য ও ভোগ্যপণ্যের ভ্যালু চেইনে স্বচ্ছতা আনতে প্রতিশ্রুতিবদ্ধ। যার মাধ্যমে তাদের জীবনের ওপর ইতিবাচক প্রভাব রাখতে চাই, যাদের এসব পণ্য কিনতে আয়ের ৫০ শতাংশের বেশি ব্যয় হয়।’

আরও পড়ুন

×