ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাণিজ্যযুদ্ধ

পাল্টা শুল্ককে রাজনৈতিক হাতিয়ার করছেন ট্রাম্প

ভারতের ওপর বাড়তি শুল্কের হুমকি দিয়ে পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি

পাল্টা শুল্ককে রাজনৈতিক হাতিয়ার করছেন ট্রাম্প
×

ফাইল ছবি

 সমকাল ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫ | ০১:৩৬ | আপডেট: ০১ আগস্ট ২০২৫ | ০২:০৮

| প্রিন্ট সংস্করণ

ভারতীয় পণ্য আমদানিতে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে পুরোনো বন্ধু পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি করেছেন তিনি। এ চুক্তির পর ‘কাটা ঘায়ে নুনের ছিটা’র মতো ভারতকে খোঁচা দিয়ে বলেছেন, পাকিস্তান এখন ভারতে তেল বিক্রি করতে পারবে। রাজনৈতিক কারণে ব্রাজিলের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না যুক্তরাষ্ট্রের। এ অবস্থায় দেশটির ওপর আরোপ হয়েছে ৫০ শতাংশ শুল্ক। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি ও মালয়েশিয়ার সঙ্গে সমাঝোতা হয়েছে। এসব সিদ্ধান্তে স্পষ্ট যে,  পণ্য আমদানিতে শুল্ককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প। 
ট্রাম্প ঘোষিত নির্বাহী আদেশে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ‘পাল্টা শুল্ক’ আরোপের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের নিজস্ব পররাষ্ট্রনীতি এবং বাণিজ্য সিদ্ধান্তের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন। গত ২ এপ্রিল বিশ্বের প্রায় ৬০টি দেশের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পাল্টা শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ও জাতীয় নিরাপত্তা আইন এবং সংবিধানে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমতাবলে ট্রাম্প এ আদেশ জারি করেন। নির্বাহী আদেশে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে ‘বেশি শুল্ক আরোপ এবং অশুল্ক বাধা’ বোঝানো হয়। কিন্তু শুল্ক ও অশুল্ক বাধার বাইরে বিভিন্ন রাজনৈতিক ও পররাষ্ট্র ইস্যুও সামনে চলে আসছে। 
যুক্তরাষ্ট্রের বারণ না মেনে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কিনে নিজেদের চাহিদা মিটিয়ে ইউরোপে রপ্তানি করছিল ভারত। এ নিয়ে মার্কিন প্রশাসনে ক্ষোভ দেখা গেছে। ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে গতকাল বৃহস্পতিবার মার্কিন বার্তা সংস্থা এপি জানায়, রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করায় যুক্তরাষ্ট্র ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক ও অতিরিক্ত করারোপের সিদ্ধান্ত নিয়েছে। এমন একসময়ে ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানালেন, যখন তিনি একাধিক দেশের সঙ্গে শুল্ক নিয়ে সিদ্ধান্তে পৌঁছেছেন। স্থানীয় সময় বুধবার ট্রাম্প বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন। সেখানে ব্রাজিলের আমদানি পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ রয়েছে। ব্রাজিল তামাসহ বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। 

এ শুল্ক আরোপের কারণ হিসেবে ট্রাম্প বলছেন, সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে আদালতে দোষী সাব্যস্ত করা ও মার্কিন সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর প্রতি ব্রাজিলের আচরণের পরিপ্রেক্ষিতে তিনি এসব পদক্ষেপ নিয়েছেন। এর বাইরে আরেকটি বিষয় ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে দূরত্বের কারণ হয়ে থাকতে পারে। গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে বরাবরই সরব ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। কিছু বিশ্লেষক মনে করেন, এ বিষয়টিও ট্রাম্প প্রশাসনের সঙ্গে ব্রাজিলের সম্পর্ক পতনের কারণ হয়ে থাকতে পারে। 

এদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের পুরোনো মিত্র। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের জমানায় ভারতের সঙ্গেও সম্পর্কোন্নয়ন করে যুক্তরাষ্ট্র। এবার পুরোনো মিত্রকে আগলে পথ চলতে দেখা যাচ্ছে ট্রাম্পকে। সম্প্রতি পেহেলগাম হামলাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত শুরু হয়। ভারত পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালায়। এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে শুরুতেই নিন্দা জানান ট্রাম্প। পরে তিনি দাবি করেন, তাঁর মধ্যস্থতায় সংঘাত থেমেছে, যা বারবার অস্বীকার করে আসছে ভারত। এ নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মতানৈক্য চলছে।
দ্য ডন অনলাইন জানায়, ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালে লিখেছেন– ‘আমরা এইমাত্র পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছি, যার মাধ্যমে পাকিস্তানের বিপুল তেল মজুতের উন্নয়নে দুই দেশ একসঙ্গে কাজ করবে। এ অংশীদারিত্বে নেতৃত্ব দেবে এমন একটি তেল কোম্পানিকে বাছাই করছি আমরা। কে জানে, হয়তো একদিন তারা ভারতেও তেল বিক্রি করবে!’

পাকিস্তানের সঙ্গে তেল চুক্তি না বাণিজ্য চুক্তি
যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত ধাপের শুল্ক আলোচনার জন্য গত বুধবার দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক শুরু করেন পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব। নিয়ম অনুযায়ী এ আলোচনা গোপন রাখা হয়। ট্রাম্প বলছেন, ইসলামাবাদের সঙ্গে তাদের তেল চুক্তি হয়েছে। আর ইসলামাবাদ বলছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছতে সক্ষম হয়েছে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসলামাবাদ বলছে, শুল্ক কমিয়ে তারা ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে। তবে শুল্কের সুনির্দিষ্ট হার প্রকাশ করা হয়নি। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় বলছে, এ চুক্তির মাধ্যমে জ্বালানি, খনিজ সম্পদ আহরণসহ অর্থনৈতিক সহযোগিতার নতুন যুগের সূচনা হয়েছে। 

ছয় ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা
ইরানের পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামজাত পণ্য বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতীয় ছয়টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এগুলো হলো– কাঞ্চন পলিমারস, আলকেমিক্যাল সলিউশনস, রমনিকলাল, জুপিটার ডাই কেম, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল ও পার্সিস্টেন্ট পেট্রোকেম প্রাইভেট লিমিটেড। তাছাড়া চীন ও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বেশ কিছু কোম্পানি ও তেল ট্যাঙ্কারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা, আনোয়ার-ট্রাম্পের ফোনালাপ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গতকাল ফোনালাপে অংশ নেন। দ্য ট্রেইট টাইমস জানায়, ফোনালাপে দুই পক্ষ শুল্ক কমানোর বিষয়ে সম্মত হয়েছে। মালয়েশিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের এক দিন আগে এ ফোনালাপ হলো। সরকারি সূত্রগুলো জানিয়েছে, দুই পক্ষ শুল্কহার ২০ শতাংশ বা তার নিচে, এমনকি ১৫ শতাংশ পর্যন্ত কমিয়ে সম্মত হয়। আজ এ-সংক্রান্ত ঘোষণা আসতে পারে। 

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলায় ক্ষোভ ট্রাম্পের
কানাডা ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে– এমন ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ঘোষণার পরপর ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, কানাডার সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে যাওয়া ‘অত্যন্ত কঠিন’। এর আগে প্রতিবেশী কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন।

 

আরও পড়ুন

×