পাটের ব্যাগ ব্যবহার
শত কোটি টাকার তহবিল নিয়ে কাজ করছে সরকার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫ | ০৭:৫৭
| প্রিন্ট সংস্করণ
বস্ত্র ও পাট, বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, প্রায় ১০০ কোটি টাকার তহবিল দিয়ে পাটপণ্য বহুমুখীকরণ উন্নয়ন কেন্দ্রের (জেডিপিসি) মাধ্যমে এক হাজার ছয়জন উদ্যোক্তার অন্তর্ভুক্তির মাধ্যমে চেষ্টা করছে সরকার– যাতে বাজারে পাটের একটা সাংস্কৃতিক পরিবর্তন আনা যায়। অতীতের মতো কীভাবে পাটের ব্যাগ ব্যবহার করা যায়; পাটের পরিধি বাড়াতে গবেষণা দরকার। র্যাপিং (মোড়ক) উপকরণ হিসেবে বিশ্বব্যাপী পাটের বিশাল বাজার আছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার রাজধানীর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে টেকসই উন্নয়নে পাটের ভূমিকা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পাটের ব্যাগের জন্য সাংস্কৃতিক পরিবর্তন দরকার। পাটপণ্য ইনোভেশন ও খরচ কমিয়ে এর বাণিজ্যিক সফলতা তৈরি করতে সক্ষমতা বাড়াতে হবে– যা প্লাস্টিককে হারাতে পারে। এ জন্য নীতি, পদক্ষেপ ও প্রচেষ্টার সমন্বিত উদ্যোগ রাখতে হবে।
অনুষ্ঠানে মূল বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম দেশের অর্থনীতিকে টেকসই ও পরিবেশবান্ধব করতে পাট চাষ ও এর রপ্তানি এবং এর ভবিষ্যতের নানা দিক উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রাশিদা আখতার খানম, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নারগিস আখতার, আইইবির ভাইস প্রেসিডেন্ট খান মঞ্জুর মোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- পাট
