ই-কমার্স
ইএক্সপি ফরম ছাড়াই ১০০০ ডলারের পণ্য রপ্তানির সুবিধা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫ | ০৬:৪৩
| প্রিন্ট সংস্করণ
ক্ষুদ্র ও ই-কমার্স রপ্তানিকারকদের জন্য এখন থেকে ইএক্সপি ফরম ছাড়াই সর্বোচ্চ এক হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পর্যন্ত মূল্যের পণ্য গ্রাহক পর্যায়ে রপ্তানি করতে পারবে ই-কমার্স প্রতিষ্ঠান। বুধবার জারি করা এক সার্কুলারে এ সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগে এ সীমা ছিল ৫০০ ডলার।
একই দিনে জারি করা অন্য এক সার্কুলারে ডিজিটাল পদ্ধতিতে রপ্তানি আয়ের প্রত্যাবাসনের কাঠামোও সম্প্রসারিত করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যেসব রপ্তানির ক্ষেত্রে ইএক্সপি ফরমে ঘোষণা প্রয়োজন হয় না, সেসব রপ্তানির মূল্য বিকাশ, নগদ, রকেটসহ লাইসেন্সপ্রাপ্ত ডিজিটাল ওয়ালেট সেবা প্রদানকারী এমএফএস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমে দেশে আনা যাবে।
এর ফলে ই-কমার্স প্রতিষ্ঠান সহজে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করে এমএফএসের মাধ্যমে পণ্যমূল্য নিতে পারবে। আগে শুধু তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা রপ্তানির আয় এই চ্যানেলের মাধ্যমে আনা যেত। অবশ্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, মনোনীত ব্যাংকগুলোকে এসব লেনদেন প্রাসঙ্গিক অন্যান্য নিয়মকানুন মেনে চলতে হবে।
- বিষয় :
- ই-কমার্স
