ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নির্বাচনী সচেতনতায় টিভিসি, ভিডিও ডকুমেন্টারি প্রচারে ব্যয় হবে ২৫ কোটি টাকা

সরাসরি নয়, কাজ হবে উন্মুক্ত ক্রয় পদ্ধতিতে

নির্বাচনী সচেতনতায় টিভিসি, ভিডিও ডকুমেন্টারি প্রচারে ব্যয় হবে ২৫ কোটি টাকা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫ | ১৪:২৭ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ | ২১:২২

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উৎসবমুখর পরিবেশে আয়োজন উপলক্ষে জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলা এবং ৩০০টি উপজেলায় টিভিসি, ভিডিও ডকুমেন্টারি ইত্যাদি তৈরি ও প্রচারের জন্য ‘এলইডি অ্যাক্টিভেশন ক্যারাভানের’ মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছে সরকার। এতে ব্যয় হবে আনুমানিক ২৫ কোটি টাকা।

দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধিতিতে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে এই কাজ দেওয়ার প্রস্তাব করেছিল সংস্কৃতি মন্ত্রণালয়। তবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ওই ব্যয়ে নীতিগত সম্মতি দিয়ে উন্মুক্ত দরপদ্ধতিতে ঠিকাদার নিয়োগের অনুমোদন দেয়।  

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উৎসবমুখর পরিবেশে আয়োজন উপলক্ষে জনগণের মধ্যে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলা এবং ৩০০টি উপজেলায় টিভিসি, ভিডিও ডকুমেন্টারি ইত্যাদি তৈরি ও প্রচারের জন্য ‘এলইডি অ্যাক্টিভেশন ক্যারাভান’-এর মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। 

এ সংক্রান্ত কাজ নভেম্বর মাসের ৪র্থ সপ্তাহে শুরু করার নির্দেশনা থাকায় সময় স্বল্পতার জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ করা সম্ভব নয়। তাই রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে পিপিপিআর ২০২৫ এর বিধি-৯৯(১) (ঠ) এবং পিপিএ ২০০৬ এর ৬৮ ধারা অনুসারে ২০২৫-২৬ সালের উৎসবমুখর নির্বাচনী প্রচারণা বাস্তবায়নে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্র্যান্ড সলিউশন লিমিটেডকে সরাসরি ক্রয় পদ্ধতিতে নিয়োগের ক্রয় প্রস্তাব নিয়ে আসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। 

আরও পড়ুন

×