রুপালী চৌধুরী ফিকির নতুন সভাপতি
রুপালী হক চৌধুরী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ০১:৪২
ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ২০২৬-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী। তিনি ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান জাভেদ আখতারের স্থলাভিষিক্ত হবেন। জৈষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন নেসলে বাংলাদেশের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেইউক্রেমা। সহসভাপতি হয়েছেন লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ইকবাল চৌধুরী।
রোববার রাজধানীর হোটেল লে মেরিডিয়ান ঢাকায় বিদেশি বিনিয়োগকারীদের এ বাণিজ্য সংগঠনের ৬২ তম বার্ষিক সাধারণ সভায় আগামী মেয়াদের জন্য ১৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়। ফিকির এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়।
১৫ সদস্যের নতুন পর্ষদ আগামী ১ জানুয়ারি থেকে দায়িত্ব নেবেন। রুপালী হক চৌধুরী তার প্রতিক্রিয়ায় জানান, ‘ফিকির সভাপতি হিসাবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানজনক। চেম্বারের সদস্য কোম্পানির প্রতিনিধিদের আমার ওপর বিশ্বাস ও আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে অবদান রাখার লক্ষ্যে ফিকিকে আরও শক্তিশালী ভূমিকা পালনে আমি বদ্ধপরিকর।’
বিদায়ী সভাপতি জাভেদ আখতার পরিচালনা পর্ষদ এবং ফিকি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘গত দুই বছর ফিকির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের সময় আমরা একসঙ্গে বহু গুরুত্বপূর্ণ উদ্যোগ এগিয়ে নিয়েছি, যা বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়তা করেছে।’
বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত ও বিদায়ী বোর্ড সদস্যসহ ফিকির সদস্য কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ সংগঠন ফিকি ১৯৬৩ সালে যাত্রা করে। বাংলাদেশের ২১টি খাতে ব্যবসারত বিশ্বের ৩৫টি দেশের প্রায় ২১০টি সদস্য প্রতিষ্ঠান শীর্ষস্থানীয় চেম্বার ফিকির প্রতিনিধিত্ব করছে। চেম্বারের সদস্য প্রতিষ্ঠানগুলো সরকারের অভ্যন্তরীণ প্রায় ৩০ শতাংশ রাজস্ব আয়ে অবদান রাখছে এবং বাংলাদেশে ৯০ শতাংশের বেশি অভ্যন্তরীণ সরাসরি বিদেশি বিনিয়োগের ( এফডিআই) প্রতিনিধিত্ব করছে।
- বিষয় :
- ফিকি
