অনলাইনে বিডার রেমিট্যান্স অনুমোদন সেবা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ০৭:২৫
| প্রিন্ট সংস্করণ
বিনিয়োগকারীদের অনলাইনের মাধ্যমে রেমিট্যান্স রিপ্যাট্রিয়েশন বা বিদেশে অর্থ প্রেরণ সেবার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ফলে এখন থেকে এই সেবার আওতায় রয়্যালটি, টেকনিক্যাল নলেজ, কারিগরি সহায়তা এবং ফ্র্যাঞ্চাইজ ফির মতো পেমেন্ট অনুমোদন করা হবে। গতকাল বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিডা জানিয়েছে, আগে এই সেবাটি কেবল অফলাইনে পাওয়া যেত; কিন্তু এখন প্রযুক্তিগত উন্নয়নের ফলে এটি পুরোপুরি অনলাইনে করা যাচ্ছে। বিনিয়োগকারীরা এখন ডিজিটালি আবেদন করতে পারবেন, আবেদন ট্র্যাক করতে পারবেন, ফি দিতে পারবেন এবং সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বাবদ সাত কর্মদিবসের মধ্যে সময়াবদ্ধ সেবা পেতে পারবেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা রেমিট্যান্স অনুমোদনের পুরো প্রক্রিয়াকে ডিজিটাল, দ্রুত ও পরিবেশবান্ধব করার মাধ্যমে বিনিয়োগকারীদের জন্য আরও সহজ ও জবাবদিহিমূলক একটি সিস্টেম তৈরি করতে পেরেছি।’
তিনি বলেন, সরকারের বাংলাবিজ নামের একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে, যা বিডা এবং অন্যান্য বিনিয়োগ সংস্থার ওএসএস পোর্টালগুলোর সেবাকে একত্রিত করছে। জাইকার সহযোগিতায় তৈরি এই প্ল্যাটফর্মে এই মাসের শেষ নাগাদ ২৫টির বেশি সেবা সরাসরি যুক্ত হবে। তাতে বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলো আরও সহজ ও দ্রুত হবে।
বিডার ওএসএসে এখন মোট ১৪২টি সেবা অনলাইনে পাওয়া যাচ্ছে। নতুন এই সংযোজন ব্যবসা সহজীকরণ এবং বিনিয়োগ সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়নে একটি বড় অগ্রগতি বলে মনে করে বিনিয়োগ বোর্ড।
এই প্রক্রিয়ায় ডিজিটাল রূপান্তরে কারিগরি সহায়তা ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম (টিইপিপি-১১) প্রকল্পের আওতাধীন রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স ইউনিট। প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে।
- বিষয় :
- বিডা
