ব্র্যাক ব্যাংক এক লাখ ৭২ হাজার মানুষের জীবনে পরিবর্তন এনেছে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ০৭:৪০
| প্রিন্ট সংস্করণ
করপোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) উদ্যোগের মাধ্যমে ২০২৫ সালে দেশের ১ লাখ ৭২ হাজার ৫০২ জন মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন এনেছে ব্র্যাক ব্যাংক। গতকাল মঙ্গলবার ব্র্যাক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
২০২৫ সালে ব্র্যাক ব্যাংকের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় ৮০৭ জন সুবিধাবঞ্চিত নারীশিক্ষার্থী নিজেদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আরও একধাপ এগিয়ে গেছে। ‘উদ্যোক্তা ১০১’ কর্মসূচির আওতায় ৩৪৮ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তা প্রশিক্ষণ নিয়েছেন।
‘অপরাজেয় আমি’ উদ্যোগের আওতায় ব্যাংকের করপোরেট ও এসএমই গ্রাহকদের ৪৭,৫৩৪ জন কর্মীকে বিনামূল্যে চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় চশমা দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও ও বগুড়ায় ৪৪,৫৪৫ জন সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে ছানি অপারেশন, ওষুধ ও চোখের চিকিৎসা পেয়েছেন। এছাড়া ৩,৯৭১ জন ছানি অপারেশন এবং ‘স্যার আবেদ কিডনি ডায়ালাইসিস ফান্ড’-এর আওতায় ৭,০২৯টি বিনামূল্যে কিডনি
ডায়ালাইসিস সেশন দেওয়া হয়েছে।
গত বছরে ব্র্যাক ব্যাংক ৫৯,৬৫৩ জন সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র দিয়েছে এবং কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ব্যাংকটির ক্ষতিগ্রস্ত সাপোর্ট স্টাফদের আর্থিক সহায়তা দিয়েছে।
ব্র্যাক ব্যাংকের সিএসআর উদ্যোগের বিষয়ে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘আমাদের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ শিখিয়েছেন, সামাজিক পরিবর্তন মানে মানুষের জীবনের অর্থবহ পরিবর্তন। তাঁর অনুপ্রেরণায় আমরা মানুষের জীবনে এই ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে কাজ করছি।’
- বিষয় :
- ব্র্যাক ব্যাংক
