এক বছরে টিসিবির সাশ্রয় হয়েছে হাজার কোটি টাকা
ট্রাকে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিদায়ী বাণিজ্য উপদেষ্টা
শেখ বশীরউদ্দিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:১৩
| প্রিন্ট সংস্করণ
পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশে প্রতিদিন ৪৫০টি ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। প্রতিটি ট্রাক থেকে ৪০০ জন নিম্নআয়ের মানুষ পণ্য কিনতে পারবেন। একই সঙ্গে বিদ্যমান কার্ডধারী উপকারভোগীর কাছেও নিয়ম অনুযায়ী পণ্য বিক্রি অব্যাহত থাকবে।
গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে পবিত্র রমজান উপলক্ষে টিসিবির ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানান বিদায়ী বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দিন। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, টিসিবির চেয়ারম্যান ব্রি. জে. মোহাম্মদ ফয়সল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাধারণত ভর্তুকি মূল্যে সরকার টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করে থাকে। অনুষ্ঠানে শেখ বশীরউদ্দিন বলেন, সরকার বছরে টিসিবিকে চার থেকে পাঁচ হাজার কোটি টাকার ভর্তুকি দিয়ে থাকে। টিসিবিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কারণে এক বছরে হাজার কোটি টাকার মতো ভর্তুকি সাশ্রয় হয়েছে। সরকারকে এক হাজার কোটি টাকার মতো কম ভর্তুকি দিতে হয়েছে। তিনি বলেন, গত বছরের মতো এবারও টিসিবির কার্ডধারী উপকারভোগী ছাড়াও অতিরিক্ত প্রায় ৩৫ লাখ মানুষের কাছে রমজান মাসজুড়ে টিসিবির পণ্য বিক্রয় করা হবে– যা বাজারের মূল্যস্ফীতি রোধে সহায়তা করবে।
শেখ বশীরউদ্দিন বলেন, বিগত সরকারের সময়ে টিসিবির কার্যক্রমে ব্যাপক অনিয়ম হয়। এ কারণে প্রায় ৫৩ লাখ কার্ড বাতিল করা হয়। পরে নতুন করে কার্ড বিতরণ করা হয়। এখন কার্ডধারী উপকারভোগীর সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। ভবিষ্যতে টিসিবির পণ্যের তালিকায় সাবান, চা-সহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য যুক্ত করা হবে বলে জানান তিনি।
টিসিবি জানিয়েছে, ১২ মার্চ পর্যন্ত ২০ দিন (শুক্রবার ও ছুটির দিন ছাড়া) রোজায় ট্রাকসেল চালু থাকবে। দৈনিক ট্রাকপ্রতি ৪০০ জন নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে। ট্রাকের মাধ্যমে প্রায় ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে। এর আওতায় সারাদেশে বাজারমূল্যের চেয়ে কম দামে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর পাওয়া যাবে। ছোলা প্রতি কেজি ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা এবং প্রতি কেজি চিনি ৮০ টাকা ও মসুর ডাল ৭০ টাকা। একজন ভোক্তা একবারে সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও বরাদ্দ সাপেক্ষে আধা কেজি খেজুর কিনতে পারবেন। ভ্রাম্যমাণ ট্রাকের এসব পণ্য যে কেউ কিনতে পারবেন।
এর পাশাপাশি পরিবার কার্ডধারীদের জন্য নিয়মিত বিক্রি কার্যক্রম যথারীতি চলবে। কার্ডধারী পরিবারের কাছে প্রতিমাসে ভর্তুকি মূল্যে বিক্রি করা ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কার্ডধারীরা প্রতি লিটার তেল ১০০ টাকা, চিনি ৭০ এবং ডাল ৬০ টাকায় কিনতে পারবেন। আর ছোলা ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকায় কিনতে হবে।
প্রতিদিন ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৫০টি, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ২০টি ও সাতটি মেট্রোপলিটন এলাকায় ১৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। অবশিষ্ট ৫৫ জেলায় পাঁচটি করে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে টিসিবি।
- বিষয় :
- টিসিবির পণ্য
