ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দরকার স্থিতিশীল পরিবেশ

নতুন সরকারের করণীয় বিষয়ে বিল্ডের মত

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দরকার স্থিতিশীল পরিবেশ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৫৭

| প্রিন্ট সংস্করণ

সরকারি-বেসরকারি সংলাপ প্ল্যাটফর্ম বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) নতুন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি  জাতির  নতুন যাত্রার প্রাক্কালে টেকসই প্রবৃদ্ধি এবং বেসরকারি খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জোর দাবি জানিয়েছে। গতকাল বিল্ডের চেয়ারপারসন আবুল কাসেম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে নতুন সরকারের করণীয় বিষয়ে সংস্থাটির মত জানানো হয়েছে। 

বিল্ডের মতে, নতুন প্রশাসনের প্রথম এবং প্রধান অগ্রাধিকার হতে হবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। যার জন্য প্রয়োজন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, একটি স্থিতিশীল বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা নিশ্চিত করা এবং ব্যাংকিং খাতের তারল্য পরিস্থিতির উন্নতি ঘটানো। বিল্ড মনে করে, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং শিল্প উৎপাদনশীলতা বজায় রাখার জন্য একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশই প্রধান পূর্বশর্ত।

এতে বলা হয়, পাবলিক-প্রাইভেট ডায়ালগ প্ল্যাটফর্ম হিসেবে বিল্ড ব্যবসা পরিচালনার ব্যয়  কমানোর লক্ষ্যে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায়  বাণিজ্য সহজীকরণ, শুল্ক কাঠামো যৌক্তিকীকরণ এবং নিয়ন্ত্রক সংস্থাসমূহের আমলাতান্ত্রিক জটিলতা দূর করার ওপর জোর দিচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণের জন্য দেশীয় ও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আকর্ষণকে জাতীয় অর্থনৈতিক কর্মসূচির কেন্দ্রে রাখতে হবে।

বিল্ড অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) জন্য সুনির্দিষ্ট নীতিগত সহায়তার আহ্বান জানাচ্ছে। এ খাতকে অর্থনীতির মেরুদণ্ড হিসেবে স্বীকৃতি দিয়ে লাইসেন্সিং প্রক্রিয়া সহজতর করা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থায়নের সহজলভ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছে প্রতিষ্ঠানটি। বিল্ডের মতে, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের জন্য ডিজিটাল ইন্টিগ্রেশন এবং সহজতর রেগুলেটরি কমপ্লায়েন্সের মাধ্যমে অনানুষ্ঠানিক খাতকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনা অত্যন্ত জরুরি।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকে  প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কোঅর্ডিনেশন কমিটির (পিএসডিপিসিসি)’ সেক্রেটারিয়েট হিসেবে বিল্ড দায়িত্ব পালন করে আসছে। তথ্যপ্রমাণভিত্তিক গবেষণা এবং সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কাঠামোবদ্ধ সংলাপ আয়োজনে সংস্থাটি তার প্রতিশ্রুতিতে অবিচল। বিল্ড নতুন সরকারের সঙ্গে  ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং ফলাফলমুখী নীতিমালা বাস্তবায়নে আগ্রহী, যা বিদ্যমান অর্থনৈতিক বাধাগুলো দূর করে একটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিত্তি তৈরিতে সরকারকে সহায়তা করবে।
বিল্ড ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এর যৌথ উদ্যোগে পরিচালিত দেশের একটি শীর্ষস্থানীয় পাবলিক-প্রাইভেট ডায়ালগ প্ল্যাটফর্ম। এটি বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নীতি সংস্কারের জন্য গবেষণাভিত্তিক সহায়তা দিয়ে থাকে। 
 

আরও পড়ুন

×