ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

লোকসান করেই চলেছে বিডি সার্ভিসেস

লোকসান করেই চলেছে বিডি সার্ভিসেস
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:৩৭

| প্রিন্ট সংস্করণ

রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মতো সাড়ে তিন হাজার কোটি টাকা মূল্যের দুটি মূল্যবান বাণিজ্যিক স্থাপনা নিয়েও বছরের পর বছর লোকসান করে চলেছে রাষ্ট্র মালিকানাধীন তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিডি সার্ভিসেস)। ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকেও লোকসান করেছে কোম্পানিটি।

চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে তিন টাকা ৯৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল পাঁচ টাকা ২০ পয়সা। ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইতে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি লোকসান ও সম্পদমূল্যের তথ্য প্রকাশ করলেও গতরাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি কোম্পানিটি।
তবে গত বছরের বার্ষিক প্রতিবেদন থেকে জানা গেছে, গত ৩০ জুন ২০২৫ সমাপ্ত বছর শেষে কোম্পানিটির সম্পদমূল্য ছিল তিন হাজার ৪৫০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৫০ কোটি টাকা কম। 
গত হিসাব বছরে কোম্পানিটি ১৫৩ কোটি টাকার আয় থেকে পরিচালন লোকসান করেছিল ২৬ কোটি টাকা। এর পর সুদ ব্যয় বাবদ সাড়ে ৮২ কোটি টাকার খরচের বাইরে অন্যান্য কিছু আয় মিলে মোট লোকসান হয় ৮৭ কোটি টাকা। এতে শেয়ারপ্রতি লোকসান হয় আট টাকা ৯৪ পয়সা।

ওই বছর হোটেল রুম ভাড়া থেকে কোম্পানিটির আয় হয় ৩৭ কোটি ৭৮ লাখ টাকা। খাবার ও পানীয় বিক্রি থেকে আয় করে ১০৪ কোটি ৩৭ লাখ টাকা। এ ছাড়া অফিস স্পেস ভাড়া থেকে ১১ কোটি টাকা আয় করেছিল।

আরও পড়ুন

×