ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গভর্নরের সঙ্গে বৈঠক

ব্যাংকারদের উৎসাহ বোনাসের শর্ত শিথিল চায় বিএবি

ব্যাংকারদের উৎসাহ বোনাসের  শর্ত শিথিল চায় বিএবি
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ০৭:৫৯

| প্রিন্ট সংস্করণ

ব্যাংকগুলোর খেলাপি ঋণ অনেক বেড়ে যাওয়ায় নতুন করে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) ঘাটতিতে পড়েছে কিছু ব্যাংক। এসব ব্যাংকের কর্মীদের উজ্জীবিত রাখতে উৎসাহ বোনাস দেওয়ার সুযোগ চেয়েছে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। এ ছাড়া ব্যাংক কোম্পানি আইন সংশোধনের আগে তাদের সঙ্গে আলোচনা করার অনুরোধ করা হয়েছে। গতকাল নতুন গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে বিএবি নেতারা এমন মত দেন। 

বৈঠক শেষে বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যেকার চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হলে রেমিট্যান্সপ্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এর প্রভাব যুদ্ধ পরিস্থিতির স্থায়িত্বের ওপর নির্ভর করবে। তিনি জানান, নতুন গভর্নরের সঙ্গে বৈঠকটি মূলত পরিচিতিমূলক ছিল। সেখানে ব্যাংক খাতের উন্নয়ন, নীতিগত সমন্বয় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুর্বল ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত করা এবং ব্যাংকিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।
জানা গেছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড-৯ অনুসরণ করে প্রভিশন সংরক্ষণে বাংলাদেশ ব্যাংকের জারি করা সাম্প্রতিক নীতিমালা নিয়ে আলোচনা হয়। বিএবি নেতারা এই নীতিমালা শিথিল চান। এ বিষয়ে বিএবি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিকভাবে প্রচলিত পদ্ধতিটি বাংলাদেশের অবকাঠামো ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে। 

আরও পড়ুন

×