ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আঙ্কটাডের রিপোর্ট

উন্নয়নশীল দেশের বাণিজ্য পরিবেশ দুর্বল হচ্ছে

উন্নয়নশীল দেশের  বাণিজ্য পরিবেশ  দুর্বল হচ্ছে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬ | ০৭:১৯

| প্রিন্ট সংস্করণ

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড সতর্ক করেছে, নীতিগত অস্থিরতা এবং বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার ভাঙন বাড়তে থাকায় অনেক উন্নয়নশীল দেশ যে স্থিতিশীল পরিবেশের ওপর নির্ভর করে রপ্তানি বাড়ানো, বিনিয়োগ আকর্ষণ করা এবং অর্থনীতিকে বহুমুখীকরণ করতে পারত, সেই পরিবেশ দুর্বল হয়ে পড়ছে। চলতি মার্চ মাসের ‘গ্লোবাল ট্রেড আপডেট’ প্রতিবেদনে আঙ্কটাড এমন বার্তা দিয়েছে। 
প্রতিবেদনটি এমন সময়ে এসেছে, যখন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্যরা সংস্থার ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন সামনে রেখে সংস্কার নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। সেখানে সদস্যরা আলোচনা করবেন কীভাবে বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা বর্তমান পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে আরও ভালোভাবে খাপ খাইয়ে নিতে পারে।
প্রতিবেদনে বলা হয়, বাণিজ্য এখনও বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর জন্য উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। রপ্তানি আয় কর্মসংস্থান সৃষ্টি করে, মূলধনি পণ্য ও জ্বালানি আমদানির অর্থায়ন করে এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। বিশেষভাবে উল্লেখযোগ্য, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাণিজ্য ১৯৯৫ সালের প্রায় ৫০০ বিলিয়ন ডলার থেকে ২০২৫ সালে ৬.৮ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা বর্তমানে বৈশ্বিক বাণিজ্যের এক-চতুর্থাংশেরও বেশি।
এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাণিজ্যে স্থিতিশীলতা ও পূর্বানুমানযোগ্যতা ফিরিয়ে আনা বিশেষ করে ছোট অর্থনীতিগুলোর জন্য গুরুত্বপূর্ণ, যাতে তারা বৈশ্বিক মূল্যশৃঙ্খলে যুক্ত হতে এবং বিনিয়োগ আকর্ষণ করতে পারে। একই সঙ্গে একটি কার্যকর বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা ন্যায্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা উন্নয়নশীল দেশগুলোকে বৈষম্যমূলক বাণিজ্যনীতির বিরুদ্ধে আইনি লড়াইয়ের সুযোগ দেয়।

আরও পড়ুন

×