দীর্ঘমেয়াদি বাজেট রূপরেখা চায় বিদেশি বিনিয়োগকারীরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৭:৫৫
| প্রিন্ট সংস্করণ
দীর্ঘমেয়াদি বাজেট রূপরেখা চায় বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে সংগঠনটির নেতারা বলেছেন, সরকার যেন এমন একটি বাজেট রূপরেখা তৈরি করে, যার মাধ্যমে আগামী কয়েক বছরের জন্য কর-কাঠামো ও নীতি বিষয়ে আগাম ধারণা পাওয়া যায়।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ফিকি প্রতিনিধি দলের এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফিকির সভাপতি রূপালী হক চৌধুরী সংগঠনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ফিকির প্রতিনিধি দলে আরও ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি দীপাল আবেউইক্রেমা, সহসভাপতি মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা। বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট এবং নতুন সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ফিকির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে সুনির্দিষ্ট এবং ব্যবসাবান্ধব নীতিমালার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সংগঠনের প্রতিনিধিরা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট দেশের কর কাঠামো সম্পর্কে আগে থেকে ধারণা পেতে চান।
বৈঠকে দেশের বর্তমান বিনিয়োগ পরিস্থিতি, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের উপায় নিয়ে আলোচনা হয়। ফিকি প্রতিনিধিরা বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং সমজাতীয় অর্থনীতির দেশগুলোর তুলনায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে প্রতিযোগিতামূলক করনীতি, নীতির ধারাবাহিকতা এবং স্বচ্ছতার ওপর জোর দেন।
বৈঠকে বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ নিয়েও আলোচনা হয়। ফিকি পরিচালনা পর্ষদ গুণগত বিনিয়োগ আকর্ষণ এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
- বিষয় :
- বৈঠক
