ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সচেতনতার অভাবে অনেকে চামড়ার ন্যায্য দাম পাননি

সচেতনতার অভাবে অনেকে  চামড়ার ন্যায্য দাম পাননি
×

খন্দকার আব্দুল মুক্তাদির

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৬ | ০৭:৪২

| প্রিন্ট সংস্করণ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অনেক জায়গায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সচেতনতার অভাবে গুণগত মান বজায় থাকেনি। তাই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে তা বিক্রি করা সম্ভব হয়নি। 

গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার লবণযুক্ত বা যথাযথভাবে সংরক্ষিত চামড়ার জন্য দাম নির্ধারণ করে থাকে। কোরবানির পরপরই চামড়ায় লবণ প্রয়োগ না করলে তা দ্রুত নষ্ট হয়ে যায়। এ কারণে অনেক চামড়ার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বিক্রির ক্ষেত্রে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, অনেক মানুষ চামড়া দান করে দেন। এসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে লবণ দিয়ে সংরক্ষণ না করায় অনেক চামড়া পচে যায় বা চামড়ার মান কমে যায়। এর ফলে নির্ধারিত দাম পাওয়া সম্ভব হয় না।
তিনি বলেন, চামড়া সংরক্ষণে সহায়তার জন্য সরকার এবার বিনামূল্যে লবণ সরবরাহ করেছে। এরপরও অনেক ক্ষেত্রে সংরক্ষণে অবহেলা ও সচেতনতার ঘাটতির কারণে চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব হয়নি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঠিকভাবে সংরক্ষণ করা গেলে কোরবানির পশুর চামড়া দেশের চামড়া ও চামড়াজাত পণ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। এজন্য মাঠপর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, আগামী বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও পড়ুন

×