তেলের গাড়িতে বাড়ছে কর
একাধিক গাড়ি থাকলে গুনতে হবে বাড়তি টাকা
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২১:৩৬
পরিবেশ দূষণ রোধ এবং জীবাশ্ম জ্বালানিতে নির্ভরতা কমাতে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পেট্রোল, অকটেন ও ডিজেলচালিত গাড়ির ওপর কর বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে একাধিক গাড়ির মালিকদের ওপর বাড়তি পরিবেশ কর বা কার্বন ট্যাক্সের নিয়ম আরও কঠোর করার প্রস্তাব এসেছে। একাধিক ইলেকট্রিক গাড়ি (ইভি) থাকলেও এই কর দিতে হবে।
বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়াতে তেলচালিত গাড়িতে কর বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। যানজট ঠেকাতে একাধিক ইভি থাকলেও পরিবেশ কর প্রস্তাব করা হয়েছে।
মধ্যম সারির গাড়িতে কর বৃদ্ধি ২৩.৫২ শতাংশ
বাজেট প্রস্তাব অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১ হাজার ২০০ সিসি থেকে ১ হাজার ৬০০ সিসির গাড়িতে কর বেশি বাড়বে। এই শ্রেণির গাড়িতে কর হার ১৩২ দশমিক ৩৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫৫ দশমিক ৮৮ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। তবে এই শ্রেণির বাইরে অর্থাৎ ১ হাজার ২০০ সিসির কম এবং ১ হাজার ৬০০ সিসির বেশি গাড়িতে কর কাঠামো আপাতত আগের মতোই রাখা হচ্ছে।
একাধিক গাড়ি থাকলেই বাড়তি ‘পরিবেশ কর’
পরিবেশ সুরক্ষায় সরকার এবার বেশ কড়াকড়ি আরোপ করেছে। বাজেট বক্তৃতায় জানানো হয়, কোনো ব্যক্তি বা পরিবারের নামে যদি একাধিক মোটরগাড়ি থাকে, তবে দ্বিতীয় এবং তার পরবর্তী প্রতিটি গাড়ির জন্য বিশেষ পরিবেশ কর বা অগ্রিম কর দিতে হবে। গাড়ির ইঞ্জিনের ক্ষমতা বা সিসি যত বেশি হবে, এই পরিবেশ করের পরিমাণও তত বড় হবে।
একটির অতিরিক্ত দেড় হাজার সিসি পর্যন্ত গাড়িতে বার্ষিক ২৫ হাজার, দুই হাজার সিসি পর্যন্ত গাড়িতে বার্ষিক ৫০ হাজার, আড়াই হাজার সিসি পর্যন্ত গাড়িতে বার্ষিক ৭৫ হাজার, তিন হাজার সিসি পর্যন্ত গাড়িতে বার্ষিক দেড় লাখ এবং সাড়ে তিন হাজার সিসির ওপরের গাড়ির জন্য বাড়তি সাড়ে তিন লাখ টাকা পরিবেশ কর দিতে হবে।
একাধিক গাড়ি থাকলে পরবর্তী প্রত্যেক ৭৫ কিলোওয়াট পর্যন্ত ইভিতে ২৫ হাজার, ১০০ কিলোওয়াট পর্যন্ত ৫০ হাজার এবং ১২৫ কিলোওয়াট পর্যন্ত ৭৫ হাজার টাকা বার্ষিক কার্বন কর দিতে হবে।
- বিষয় :
- গাড়ি
- বাজেট ২০২৬-২৭
