সার ও কীটনাশক আমদানিতে ভ্যাট-ট্যাক্স মওকুফের প্রস্তাব
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২১:৫৭
কৃষি উৎপাদন ব্যয় কমানো এবং দেশীয় কৃষি উপকরণ শিল্পকে উৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সার ও কীটনাশকের ওপর বিভিন্ন ধরনের কর ও ভ্যাট ছাড়ের প্রস্তাব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কৃষিকাজে ব্যবহার্য সব সারের ব্যবসায়ী পর্যায়ে বর্তমানে প্রযোজ্য ৭ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কৃষিতে ব্যবহৃত সব ধরনের কীটনাশকের আমদানি পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম কর (এটি) সম্পূর্ণ মওকুফের প্রস্তাব করা হয়েছে।
মন্ত্রী বলেন, কীটনাশক ও উদ্ভিদ সুরক্ষাসামগ্রীর দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে তালিকাভুক্ত ৩৬টি কাঁচামালের ওপর বিদ্যমান ভ্যাট কমিয়ে শূন্য শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। ফলে এসব কাঁচামাল ভ্যাট থেকে সম্পূর্ণ অব্যাহতি পাবে।
এ ছাড়া স্থানীয় পর্যায়ে জিঙ্ক সালফেট সার উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং দেশীয় শিল্পকে উৎসাহিত করতে এ সার উৎপাদনের কাঁচামাল ‘জিঙ্ক অ্যাশ’-এর ওপর বিদ্যমান আমদানি শুল্ক শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।
সরকারের আশা, এসব কর ও ভ্যাট ছাড় কার্যকর হলে কৃষি উপকরণের উৎপাদন ও আমদানি ব্যয় কমবে, কৃষকের জন্য সার ও কীটনাশক সহজলভ্য হবে এবং দেশীয় কৃষি উপকরণ শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে।
