বাজেটকে লুটপাটের আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল জামায়াতের
সমাবেশে বক্তৃতা দেন হামিদুর রহমান আযাদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ২২:০৯ | আপডেট: ১১ জুন ২০২৬ | ২২:১৩
প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী ও লুটপাটের বাজেট’ আখ্যা দিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। সংসদে বাজেট ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে জামায়াত নেতারা বলেন, জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দলীয় কর্মী পালনের বাজেট তৈরি করা হয়েছে। লুটপাটের জন্য এই ধনীবান্ধব ও বিশাল আকারের বাজেট দেওয়া হয়েছে।
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাজেটে প্রতিফলিত হয়নি। পুরোনো ব্যবস্থার বাজেটের চিত্রই এখানে অঙ্কন করা হয়েছে। এই বাজেট মূলত বিশাল ঋণনির্ভর।
দলীয় কর্মীদের লুটপাটের জন্য প্রায় সাড়ে ৯ লাখ কোটি টাকার বিশাল বাজেট দেওয়া হয়েছে দাবি করে হামিদুর রহমান বলেন, বাজেটের ৭০ শতাংশই চলে যাচ্ছে পরিচালন ব্যয় হিসেবে! তাহলে এই বাজেট দিয়ে জনগণ কীভাবে উপকৃত হবে, সেটি সরকার বিবেচনা করেনি।
হামিদুর রহমান আরও বলেন, ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে এনবিআরকে একাই তুলতে হবে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এই বিশাল রাজস্ব আদায়ের চাপ সামলাতে গিয়ে খুচরা বিক্রেতাদের ওপর আগাম কর, কাস্টমস ডিউটি এবং বিভিন্ন সেবার ওপর পরোক্ষ কর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়া বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ব্যাংকিং খাত থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, এই বাজেটের মাধ্যমে সরকারি দলীয় ব্যবসায়ী, দলীয় সন্ত্রাসী আর চাঁদাবাজরাই উপকৃত ও সুবিধাভোগী হচ্ছে।
ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে মহানগরীর অন্যান্য নেতারাও বক্তৃতা করেন। সমাবেশ শেষে উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগর প্রদক্ষিণ করে শেষ হয়।
এদিকে, এই বাজেট প্রত্যাখ্যান করে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াত। বাড্ডা ওভারব্রিজের নিচে মিছিলের আগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা। সমাবেশে আরও বক্তৃতা করেন মহানগরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত ও ডা. ফখরুদ্দিন মানিকসহ অন্যান্য নেতারা।
- বিষয় :
- বাজেট ২০২৬-২৭
- জামায়াতে ইসলামী
