ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

অংশ নেবে ২৫০ প্রতিষ্ঠান

ডিসেম্বরে ঢাকায় ডিসকাউন্ট ফেস্ট

ডিসেম্বরে ঢাকায় ডিসকাউন্ট ফেস্ট
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ০৭:৩৯

| প্রিন্ট সংস্করণ

দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য আকর্ষণীয় ছাড়ে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’। আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। মেলায় দেশ-বিদেশের প্রায় ২৫০টি ব্র্যান্ড, উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান অংশ নেবে।
গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ইভেন্টকনের উদ্যোগে আয়োজিত এই মেলায় সহযোগী হিসেবে রয়েছে ভ্যান্টোরা কমিউনিকেশন লিমিটেড।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কাসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলো অংশ নেবে। মেলায় ক্রেতারা ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন। এ ছাড়া নির্বাচিত কিছু পণ্য ও সেবার ওপর থাকবে এক্সাইটিং অফার, ফ্ল্যাশ সেল ও সীমিত সময়ের বিশেষ মূল্যছাড়। মেলায় অংশ নিতে আগ্রহী ব্র্যান্ডগুলোর জন্য আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আর্লি বার্ড স্টল বুকিং করলে ৫০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

মেলার পরিচালক ড. তাসলিম আমিন শোভন বলেন, এটি দেশি-বিদেশি ব্র্যান্ড ও ক্রেতাদের মধ্যে অর্থবহ যোগাযোগ তৈরি করবে। এতে খুচরা বাজার ও ক্রেতাদের সঙ্গে ব্র্যান্ড-প্রতিষ্ঠানের সম্পর্ক বাড়ানো ও ব্র্যান্ড ইকোসিস্টেম আরও গতিশীল হবে।
 

আরও পড়ুন

×