ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি, এসবিএলসি ইস্যুর সুযোগ

স্থানীয় প্রকল্পে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি, এসবিএলসি ইস্যুর সুযোগ
×

বাংলাদেশ ব্যাংক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ১৬:০৩

আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দেশে বাস্তবায়নাধীন প্রকল্পে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তি বা কার্যাদেশের বিপরীতে বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট (এসবিএলসি) ইস্যুর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে বিদেশি প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদার, স্থানীয় এজেন্ট বা অনুমোদিত প্রতিনিধি হিসেবে কাজ করা দেশীয় প্রতিষ্ঠান এসব সুবিধা নিতে পারবে।

বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে স্থানীয় প্রকল্প কর্তৃপক্ষের অনুকূলে আবাসিক প্রতিষ্ঠানের পক্ষে গ্যারান্টি ইস্যু সংক্রান্ত বিদ্যমান বিধানে আংশিক সংশোধন আনা হয়েছে।

নতুন বিধানের আওতায় দেশে বাস্তবায়নাধীন প্রকল্পের জন্য প্রয়োজনীয় বিড বন্ড, পারফরম্যান্স গ্যারান্টি বা এসবিএলসি-এর ব্যবস্থা করতে পারবে বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় কৌশলগত অংশীদার, এজেন্ট বা অনুমোদিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী আবাসিক প্রতিষ্ঠান।

তবে সংশ্লিষ্ট চুক্তিতে এ ধরনের ব্যাংক গ্যারান্টি বা এসবিএলসি গ্রহণের সুযোগ থাকতে হবে। একই সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানটির সঙ্গে বিদেশি চুক্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রকৃত ও গ্রহণযোগ্য চুক্তিগত বা বাণিজ্যিক সম্পর্কের প্রমাণ থাকতে হবে। এ সম্পর্কের সমর্থনে প্রয়োজনীয় দলিলপত্রও সংরক্ষণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ ধরনের গ্যারান্টি বা এসবিএলসি ইস্যুর ফলে সৃষ্ট ঝুঁকি ও দায়ের বিপরীতে সংশ্লিষ্ট ব্যাংককে পর্যাপ্ত জামানত বা কাউন্টার-সিকিউরিটি নিশ্চিত করতে হবে। ঝুঁকির ধরন ও মাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে জামানত বা কাউন্টার-সিকিউরিটির পরিমাণ নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্ক এবং সংশ্লিষ্ট চুক্তিগত ব্যবস্থাও বিবেচনায় নিতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, চুক্তিগত ব্যবস্থায় গ্যারান্টি বা এসবিএলসির কারণে আবাসিক প্রতিষ্ঠানের যে ব্যয়, দায় ও অন্যান্য খরচ সৃষ্টি হবে, তা যথাযথভাবে পরিশোধ ও ক্ষতিপূরণের ব্যবস্থা থাকতে হবে। গ্যারান্টি বা এসবিএলসি কার্যকর হলে বিদেশি প্রতিষ্ঠান কীভাবে সংশ্লিষ্ট অর্থ পরিশোধ করবে, প্রয়োজন অনুযায়ী চুক্তিতে সেই বিষয়টিও স্পষ্ট করতে হবে।

এ ধরনের গ্যারান্টি ও এসবিএলসি ইস্যুর ক্ষেত্রে ব্যাংকগুলোকে নিজস্ব ঋণনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা ও অন্যান্য প্রুডেনশিয়াল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি নির্ধারিত একক গ্রাহক ঋণসীমা মেনে চলতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদ বা সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনও নিতে হবে।

আরও পড়ুন

×