ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বন্ডের সুদহার কমে ৩৯ মাসে সর্বনিম্ন

বন্ডের সুদহার কমে ৩৯ মাসে সর্বনিম্ন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৮:১৬

| প্রিন্ট সংস্করণ

গ্যাস-বিদ্যুৎ সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশাসহ নানা কারণে ঋণ চাহিদা তলানিতে নেমেছে। ব্যাংকগুলোর কাছে থাকা উদ্বৃত্ত তহবিল ট্রেজারি বিল, বন্ডে খাটানোর প্রতিযোগিতায় নেমেছে অনেক ব্যাংক। গতকাল মঙ্গলবার ১৫ বছর মেয়াদি বন্ডের সুদহার কমে ৯ দশমিক ১০ এবং ২০ বছর মেয়াদি বন্ডে ৯ দশমিক ১৩ শতাংশে নেমেছে। গত ৩৯ মাসের মধ্যে যা সর্বনিম্ন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকালের নিলামে এক হাজার কোটি টাকা করে মোট দুই হাজার কোটি টাকা তোলা হয়। এর আগে একই পরিমাণ অর্থের জন্য সমমেয়াদি বন্ডের নিলাম অনুষ্ঠিত হয় গত ২৮ জুলাই। ওই দিন ১৫ বছর মেয়াদি বন্ডে ১০ দশমিক ৩৬ এবং ২০ বছর মেয়াদি বন্ডের ১০ দশমিক ৪১ শতাংশ সুদে টাকা তোলা হয়। সাম্প্রতিক সময়ে এ ধরনের বন্ডের সুদহার সব সময় দুই অঙ্কের ঘরে ছিল। 
তবে গত বছরের সেপ্টেম্বরে ১৫ বছর মেয়াদিতে ৯ দশমিক ৬০ এবং ২০ বছর মেয়াদিতে ৯ দশমিক ৬৪ শতাংশে নামে। পরের মাসে আবার বেড়ে ১৫ বছর মেয়াদিতে ৯ দশমিক ৯৮ এবং ২০ বছর মেয়াদি বন্ডে ১০ দশমিক ১০ শতাংশে উঠে যায়। গতকালের এ সুদহার ২০২৩ সালের মে মাসের পর সর্বনিম্ন। ওই মাসে ১৫ বছর মেয়াদি বন্ডে ৮ দশমিক ৬৫ এবং ২০ বছর মেয়াদি বন্ডের সুদহার ৮ দশমিক ৭৫ শতাংশে নেমে যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিনিয়োগ চাহিদা তলানিতে নামায় নানা সংকটের মধ্যেও গত জুন শেষে ব্যাংকগুলোর কাছে রেকর্ড ৪ লাখ ১৪ হাজার ৫৩৭ কোটি টাকা উদ্বৃত্ত তহবিল রয়েছে। এ অর্থ বিনিয়োগের জন্য ব্যাংকগুলো বিল-বন্ডের দিকে ঝুঁকছে। এতে গত জুলাই থেকে সব ধরনের বিল ও বন্ডের সুদহার কমে এখন এক অঙ্কে নেমেছে। গত রোববার ৯১ দিন মেয়াদি বিলে ৮ দশমিক ৮২, ১৮২ দিন মেয়াদি বিলে ৮ দশমিক ৯২ এবং ৩৬৪ দিন মেয়াদি বিলে ৯ দশমিক শূন্য ৭ শতাংশে নেমেছে সুদহার।

আরও পড়ুন

×