ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

প্যানেল দ্বন্দ্বে স্থবির ইউপি, ১৭ হাজার মানুষের ভোগান্তি

প্যানেল দ্বন্দ্বে স্থবির ইউপি, ১৭ হাজার মানুষের ভোগান্তি
×

 গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৯:০৬

| প্রিন্ট সংস্করণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ বর্তমানে সম্পূর্ণ চেয়ারম্যানশূন্য অবস্থায় রয়েছে। এতে স্তব্ধ হয়ে পড়েছে পরিষদের সব দাপ্তরিক কার্যক্রম। জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদসহ জরুরি সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের ১৭ হাজারেরও বেশি বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিনের আকস্মিক মৃত্যু হয়। এরপর থেকে মূলত অভিভাবকহীন হয়ে পড়ে পরিষদটি। নিয়মতান্ত্রিকভাবে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও ইউপি সদস্যদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও জটিলতার কারণে নতুন কাউকে দায়িত্ব দেওয়া সম্ভব হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২২ সালের নির্বাচনে এই ইউনিয়নে গোলাম কিবরিয়া হেলাল চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ইউপি সদস্যদের সর্বসম্মতিক্রমে আলিম উদ্দিনকে প্রথম, ফারুক আহমদ বাবুলকে দ্বিতীয় এবং প্রবাসী রানীকে তৃতীয় প্যানেল চেয়ারম্যান মনোনীত করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল আত্মগোপনে চলে গেলে প্রথম প্যানেল চেয়ারম্যান হিসেবে আলিম উদ্দিন দায়িত্ব গ্রহণ করেন। পরে চেয়ারম্যান হেলালকে স্থায়ীভাবে বরখাস্ত করা হলে মৃত্যুর আগ পর্যন্ত আলিম উদ্দিনই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।
মোট ১৭ হাজার ৬১৮ জন ভোটারের এই ইউনিয়নে বর্তমানে নাগরিক সেবা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, চেয়ারম্যান না থাকায় জরুরি কাগজপত্র বা সার্টিফিকেটের কাজ করানো যাচ্ছে না। প্রতিদিন পরিষদ কার্যালয়ে এসে সাধারণ মানুষকে ঘুরে যেতে হচ্ছে। তিনি দ্রুত এর সমাধান চান।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুজিবুর রহমান জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষর ও অনুমোদন ছাড়া অনেক গুরুত্বপূর্ণ দাপ্তরিক ফাইল এবং সরকারি অনুদান বণ্টন আটকে আছে। 
দ্রুত কোনো সমাধান না হলে নাগরিক ভোগান্তি আরও তীব্র হবে।

দায়িত্ব পাওয়ার দাবি জানিয়ে দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান ফারুক আহমদ বাবুল বলেন, যেহেতু প্রথম প্যানেল চেয়ারম্যানের মৃত্যু হয়েছে, সেহেতু নিয়ম অনুযায়ী দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান হিসেবে তাঁর কাছেই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু অজানা কারণে দায়িত্ব দেওয়া হচ্ছে না। জনগণের ভোগান্তি দূর করতে দ্রুত দায়িত্ব হস্তান্তরের দাবি জানান তিনি।
অন্যদিকে বর্তমান প্যানেল বাতিলের দাবি জানিয়েছেন ইউপি সদস্য মাসুক আহমদ। তিনি বলেন, তৎকালীন চেয়ারম্যানের মাধ্যমে গঠিত এই প্যানেল তারা প্রত্যাখ্যান করেছেন। অবিলম্বে এটি বাতিল করে নতুন প্যানেল গঠন করতে হবে। প্যানেল বাতিলের দাবিতে তিনিসহ সাত সদস্য স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর জমা দেওয়া হয়েছে।
ইউএনও রতন কুমার অধিকারী বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পরিস্থিতি সম্পর্কে তিনি পুরোপুরি অবগত। স্থানীয় সরকার আইন ও সরকারি বিধিমালা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে সেখানে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক সেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মৃত্যু এবং সদস্যদের টানাটানিতে সাধারণ মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনস্বার্থে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

আরও পড়ুন

×