পরিদর্শন কক্ষের নামফলক নিয়ে দুই এমপির বাগ্বিতণ্ডা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৯:০৯
| প্রিন্ট সংস্করণ
সৈয়দপুর উপজেলা পরিষদ ভবনে নতুন পরিদর্শন কক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের দুই সংসদ সদস্যের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা ও কথাকাটাকাটির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই অপ্রত্যাশিত ঘটনায় অনুষ্ঠানে উপস্থিত অতিথি, কর্মকর্তা ও সুধীজন মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে পড়েন।
পরিদর্শন কক্ষের নামফলকে কেবল স্থানীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নাম দেখে ক্ষোভ প্রকাশ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
বিলকিস ইসলামের অভিযোগ, তাঁকে কেন প্রধান অতিথি হিসেবে রাখা হয়নি এবং নামফলকে কেন কেবল একজনের নাম শোভা পাচ্ছে। ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, এই পরিদর্শন কক্ষ কি একক কোনো দলীয় এমপির? এক পর্যায়ে তিনি বিষয়টি জাতীয় সংসদে তোলার হুঁশিয়ারি দেন এবং আইনি ও রাজনৈতিকভাবে দেখে নেওয়ার চ্যালেঞ্জ জানান। উভয় পক্ষের নেতাকর্মীরা বুঝিয়ে পরিদর্শন কক্ষে বসানোর পরও ঘণ্টাব্যাপী এই বিতর্ক চলে।
সংরক্ষিত নারী আসনের এমপির বক্তব্যের জবাবে সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম জানান, সংরক্ষিত নারী এমপিদের জন্য আলাদা নির্দিষ্ট এলাকা নির্ধারিত থাকে না, তাই তাদের নামে পৃথক পরিদর্শন কক্ষের সুযোগও নেই। তিনি আরও বলেন, এই পরিদর্শন কক্ষটি দেশের ৩৫০ জন সংসদ সদস্যের জন্য উন্মুক্ত হলেও তিনি এ অঞ্চলের নির্বাচিত প্রতিনিধি হওয়ায় বিধি অনুযায়ী নামফলকে তাঁর নাম থাকবে। সমর্থক ও অনুসারীদের নিয়ে এসে সরকারি অনুষ্ঠানে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, এম এ পারভেজ লিটন এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।
- বিষয় :
- পরিদর্শন