ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

টাকা উত্তোলন ও ফেরত নিয়ে প্রশ্ন থেকেই গেল

টাকা উত্তোলন ও ফেরত নিয়ে প্রশ্ন থেকেই গেল
×

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৯:০৪

| প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অস্তিত্বহীন শিক্ষাপ্রতিষ্ঠানের নামে টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের বরাদ্দের টাকা উত্তোলনের ঘটনায় সংবাদ প্রকাশের পর সেই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে উপজেলার সেলবরষ ইউনিয়নে কলকাকলী বিদ্যাপীঠ নামে একটি অস্তিত্বহীন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ২০২৫-২৬ অর্থবছরের টিআর তৃতীয় পর্যায়ের আওতায় এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই অর্থ উত্তোলন করে ব্যক্তিগত ব্যাংক হিসাবে রাখার বিষয়ে গত ২৪ জুলাই সমকালে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয়।
একই অর্থবছরের টিআর দ্বিতীয় পর্যায়ে পাইকুরাটি ইউনিয়নের কলকাকলী বিদ্যাপীঠে মাটি ভরাট ও উন্নয়ন প্রকল্পের জন্যও এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। দুটি প্রকল্পেরই প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি করা হয় বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক বশীর আহম্মদকে।  এরপরই অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে দেওয়া বরাদ্দ নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এদিকে, উত্তোলিত অর্থ ১৯ আগস্ট সরকারি কোষাগারে ফেরত দেওয়া হলেও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে কীভাবে প্রকল্প অনুমোদন হলো, এমন প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি। 
প্রকল্পের সভাপতি বশীর আহম্মদ বলেন,  পিআইও চালান কোড দিতে দেরি করায় টাকা ফেরত দিতে কিছুটা সময় লেগেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন এর আগে জানিয়েছিলেন, দুটি প্রকল্পের সভাপতি একজনই এবং তালিকায় ইউনিয়নের নাম ভুল হয়েছিল। 

আরও পড়ুন

×