বন্ড সুবিধার পণ্যে কঠোর মনিটরিং চায় চায়না চেম্বার
বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৮
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে ছয়টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)। গতকাল বৃহস্পতিবার বিসিসিসিআইর সভাপতি মোহা. খোরশেদ আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে এসব প্রস্তাব তুলে ধরে।
বৈঠকে প্রতিনিধি দল সবচেয়ে বেশি গুরুত্ব দেয় বন্ডেড ওয়্যারহাউসের অপব্যবহারের বিষয়টি। তারা জানান, বন্ড সুবিধায় আনা পণ্যের অনুমোদনহীনভাবে স্থানীয় বাজারে বিক্রি বৈধ ব্যবসায়ীদের জন্য অসম প্রতিযোগিতা তৈরি করছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড, বিশেষ করে চীনের সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। এ পরিস্থিতি মোকাবিলায় বন্ড সুবিধার আওতায় আনা পণ্যের ব্যবস্থাপনা ও ব্যবহার আরও কঠোরভাবে মনিটরিং এবং আইন প্রয়োগের ওপর জোর দেয় বিসিসিসিআই। এতে নিয়ম মেনে ব্যবসা করা প্রতিষ্ঠান ও প্রকৃত বিনিয়োগকারীদের জন্য সমান সুযোগ নিশ্চিত হবে বলে মনে করে সংগঠনটি।
বিসিসিসিআইর অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে চীনে বাংলাদেশি পণ্যের জন্য অন্তত ২০টি স্থায়ী প্রদর্শনী কেন্দ্র স্থাপন, চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ানো এবং চীনের বড় বড় বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার করা। এ ছাড়া বাংলাদেশে একটি চীনা ব্যাংকের শাখা স্থাপনে প্রয়োজনীয় সহযোগিতা এবং চীনের সঙ্গে কারিগরি ও কারিগরি শিক্ষাভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রস্তাবও দেওয়া হয়।
বৈঠকে কুনমিংয়ে অনুষ্ঠিত দশম চায়না-সাউথ এশিয়া এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের অভিজ্ঞতাও তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে বাংলাদেশি পণ্যের প্রচার এবং চীনা বিনিয়োগ আকর্ষণের আরও সুযোগ রয়েছে বলে তারা উল্লেখ করেন। বৈঠকে বিসিসিসিআইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হান জিংচাও, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ জেড এম আজিজুর রহমান, মহাসচিব জামিলুর রহমান এবং নির্বাহী পরিচালক মো. আবু তাহের উপস্থিত ছিলেন।
- বিষয় :
- বন্ড