বাংলাদেশে হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন সংস্করণ আনল রয়্যাল এনফিল্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ | ২২:১৫
বাংলাদেশের বাজারে হান্টার ৩৫০-এর আটটি এবং ক্ল্যাসিক ৩৫০-এর তিনটি নতুন সংস্করণ উন্মোচন করেছে রয়্যাল এনফিল্ড। নতুন মডেলগুলোতে যুক্ত হয়েছে বিভিন্ন রঙের পাশাপাশি অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, এলইডি হেডলাইট ও টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিংয়ের মতো সুবিধা। মোটরসাইকেলগুলো এখন দেশের অনুমোদিত ডিলারশিপগুলোতে পাওয়া যাচ্ছে।
শনিবার নতুন মডেল দুটি উন্মোচন করা হয়। বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের টাইপ-২ প্রস্তুতকারক ইফাদ মোটরস লিমিটেডের মাধ্যমে এগুলো বিক্রি করা হবে।
নতুন হান্টার ৩৫০ পাওয়া যাবে আটটি রঙে—রেবেল ব্লু, ড্যাপার গ্রে, লন্ডন রেড, টোকিও ব্ল্যাক, রিও হোয়াইট, গ্রাফাইট গ্রে, মুনশট হোয়াইট ও মুম্বাই ইয়েলো। নতুন মডেলে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, এলইডি হেডলাইট ও টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি উন্নত সাসপেনশন ও আরামদায়ক সিট যুক্ত করা হয়েছে।
অন্যদিকে, ক্ল্যাসিক ৩৫০-এর নতুন তিনটি সংস্করণ পাওয়া যাবে গান গ্রে, মেডালিয়ন ব্রোঞ্জ ও এমারেল্ড গ্রিন রঙে। নতুন সংস্করণগুলোতে মোটরসাইকেলটির ঐতিহ্যবাহী নকশা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ ও টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিংয়ের সুবিধা যুক্ত করা হয়েছে।
নতুন মডেল উন্মোচন উপলক্ষে ইফাদ মোটরস লিমিটেডের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ বলেন, বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেল আনতে পেরে তাঁরা আনন্দিত। নতুন রঙের সংযোজনের ফলে গ্রাহকেরা নিজেদের পছন্দ ও ব্যক্তিত্ব অনুযায়ী মোটরসাইকেল বেছে নেওয়ার আরও সুযোগ পাবেন। নতুন মডেলগুলো দেশে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা আরও বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নতুন মডেলের দাম
হান্টার ৩৫০-এর ড্যাপার গ্রে, রিও হোয়াইট ও গ্রাফাইট গ্রের সর্বোচ্চ খুচরা মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। রেবেল ব্লু, টোকিও ব্ল্যাক, মুনশট হোয়াইট, লন্ডন রেড ও মুম্বাই ইয়েলোর দাম ৩ লাখ ৮০ হাজার টাকা।
ক্ল্যাসিক ৩৫০-এর মেডালিয়ন ব্রোঞ্জের দাম ৪ লাখ ৪৫ হাজার টাকা, গান গ্রের ৪ লাখ ৫৯ হাজার টাকা এবং এমারেল্ড গ্রিনের ৪ লাখ ৮৯ হাজার টাকা।
রয়্যাল এনফিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মডেলগুলো দেশের সব অনুমোদিত ডিলারশিপে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে আগ্রহীরা নিকটস্থ শোরুমে যোগাযোগ করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- রয়্যাল এনফিল্ড
- মোটরসাইকেল