বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত
বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ | ০৮:২৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ | ০৯:৫১
| প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল নির্মাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এসকে গ্রুপ।
বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধি দল মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগের বিষয়ে প্রধানমন্ত্রীর সামনে বিস্তারিত তুলে ধরে। প্রতিনিধি দল প্রধানমন্ত্রীকে জানায়, দক্ষিণ কোরিয়ার উলসানের মতো মাতারবাড়ী একটি এনার্জি হাব হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের উপস্থাপনা শোনেন এবং বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে আন্তরিকভাবে কাজ করছে। প্রস্তাবিত প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।
প্রতিনিধি দল বাংলাদেশের বর্তমান সরকারের বিনিয়োগবান্ধব নীতির প্রশংসা করেছে। পাশাপাশি বাংলাদেশের বিনিয়োগের সুযোগগুলো কাজে লাগাতে তারা আন্তরিক ও আগ্রহী বলেও জানায়।
এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সংসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা।
যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গতকাল জানান, হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে যাবেন সরকার প্রধান। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করার কথা তাঁর।
উপ-প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সেখানে দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলনস্থল ঘুরে দেখার পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে আজ প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে। এ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।
- বিষয় :
- প্রধানমন্ত্রী