ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মানবিক উদ্যোগ

মানবিক উদ্যোগ
×

সানোয়ার পারভেজ

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ১২:০০ | আপডেট: ২৪ জুলাই ২০২০ | ১৪:৪৯

ছাপ্পান্ন বছর বয়সের বিধবা কোহিনুর বেগমের বেঁচে থাকার অবলম্বন তার ৯ বছর বয়সী একমাত্র মেয়ে। মেরুদণ্ড আর পায়ে দীর্ঘদিন ধরে সমস্যার কারণে কোহিনুর আজ পঙ্গুপ্রায়। ভিক্ষাবৃত্তি ছাড়া মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার আর কোনো পথ খোলা ছিল না কোহিনুর বেগমের। করোনার ভয়াবহতার মধ্যেও থেমে থাকেনি কোহিনুরের জীবনপ্রবাহ। রোজই ঘরের বাইরে যেতে হচ্ছে বেঁচে থাকার তাগিদে। কিন্তু তার জানা ছিল না বাঁচতে হলে শুধু টাকাই নয়, সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলাও জরুরি। খুলনার গ্রিনল্যান্ড আবাসন বস্তিতে কোহিনুরের মতো অনেকেই জানেন না এই মহামারি থেকে নিরাপদ থাকার উপায়।

সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় নবলোক পরিষদ খুলনা মহানগরীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই পরিক্রমায় বর্তমান করোনা মহামারি মোকাবিলায় কোহিনুর বেগমের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ছয় মাসব্যাপী একটি প্রকল্প বাস্তবায়ন করছে নবলোক পরিষদ। এই প্রকল্পের আওতায় ৩০টি বস্তির প্রবেশপথে ৭১টি হাত ধোয়ার ডিভাইস স্থাপন করা হচ্ছে। প্রতিবন্ধী ও শিশুদের জন্য বিশেষ সুবিধা সংবলিত এই ডিভাইসগুলো হাতের কোনো স্পর্শ ছাড়াই প্যাডেলের মাধ্যমে ব্যবহার করা যায়। এই ডিভাইসগুলোর সার্বিক তদারকি এবং হাত ধোয়ার উপকরণ নিশ্চিত করতে ৬৫ জন স্বেচ্ছাসেবী নির্বাচন করা হয়েছে। প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে স্বেচ্ছাসেবীরা নিয়মিতভাবে বস্তির ভেতরে অবস্থিত সব টয়লেট, পানির উৎস আর বস্তির পুরো এলাকা জীবাণুনাশক ব্যবহার করে জীবাণুমুক্ত করছেন। একই সঙ্গে প্রকল্প থেকে প্রায় ছয় হাজার পরিবারের জন্য মাস্ক ও সাবান বিতরণের মাধ্যমেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

করোনাযুদ্ধে জয়ী হতে ব্যক্তিগত পর্যয়ের সচেতনতার বিকল্প নেই। তাই বস্তির মানুষকে আরও সচেতন করতে প্রকল্প থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনা সংক্রান্ত নির্দেশনাবলি করোনাকালীন নিরাপদ পানি এবং পয়ঃনিস্কাশন পরিকল্পনা, হাত ধোয়ার নিয়ম ও ধাপগুলো নিয়ে তৈরি পোস্টার ও স্টিকার লাগানো হয়েছে বস্তির দৃষ্টিগোচর স্থানগুলোতে এবং বিতরণ করা হয়েছে প্রতি ঘরে ঘরে। এর ফলে গ্রিনল্যান্ড আবাসনের সব মানুষ খুবই উপকৃত হচ্ছেন। দেশব্যাপী সরকারি-বেসরকারি উদ্যোগে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা গেলে করোনা মোকাবিলা আরও সহজ হবে।

আরও পড়ুন

×