ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ব্র্যাকনেটের সঙ্গে ইউজিসির চুক্তি

বিশ্বব্যাংকের অর্থায়নে ২৭টি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নেটওয়ার্ক বসাবে ব্র্যাকনেট

বিশ্বব্যাংকের অর্থায়নে ২৭টি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল নেটওয়ার্ক বসাবে ব্র্যাকনেট
×

.

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫ | ১৮:৪৮

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনে শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও ব্র্যাকনেট লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (হিট) প্রকল্পের আওতায় এই চুক্তি করা হয়।

গত বুধবার রাজধানী ঢাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ২৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নত নেটওয়ার্ক অবকাঠামো ও ক্লাউডভিত্তিক ওয়াইফাই সুবিধা স্থাপন করা হবে। এতে ৬০ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক উপকৃত হবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রকল্পের পক্ষ থেকে পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাকনেটের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার ও অপারেশনের প্রধান মো. মুকাররাম হুসাইন এবং পরিচালনা পর্ষদ।

প্রকল্প পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা ও শিক্ষায় বিশ্বমান বজায় রাখতে সক্ষম হবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ব্র্যাকনেট সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজটি শেষ করবে।

ব্র্যাকনেটের জেনারেল ম্যানেজার মো. মুকাররাম হুসাইন বলেন, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে ব্র্যাকনেট। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্যাম্পাস প্রকল্পের পর এবার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও বিশ্বমানের নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিতে পারা তাদের জন্য সম্মানের। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও প্রযুক্তিগত উৎকর্ষ বজায় রেখে কাজ করবে।

প্রকল্প বাস্তবায়িত হলে সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং উচ্চশিক্ষা খাত আরো শক্তিশালী হবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×