ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিক্ষক বদলি নীতিমালা বাস্তবায়ন না হলে ২৩ অক্টোবর অবস্থান কর্মসূচি

শিক্ষক বদলি নীতিমালা বাস্তবায়ন না হলে ২৩ অক্টোবর অবস্থান কর্মসূচি
×

শিক্ষক বদলি নীতিমালা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইউনিটি অব টিচার্স। রোববার জাতীয় প্রেসক্লাবে। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫ | ১৯:২৯

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশ করা এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিটি অব টিচার্স। 

সংগঠনটির নেতারা জানিয়েছেন, আগামী ২০ অক্টোবরের মধ্যে শূন্যপদের তালিকা প্রকাশ না হলে ২৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। 

রোববার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জানানো হয়, এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগের পর শিক্ষানীতির ২০১৫ সালের ৭ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী নিয়োগে আবেদন করে কর্মস্থল পরিবর্তন করতে পারতেন। কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই ওই ধারা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। ফলে দূরে কর্মরত শিক্ষকরা বাড়ির কাছাকাছি আসার সুযোগ হারান।

শিক্ষক নেতারা জানান, দীর্ঘ তিন বছর ধরে তারা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। বিভিন্ন আন্দোলন কর্মসূচির মাধ্যমে দাবি জানিয়ে আসছেন। গত বছরের ডিসেম্বরে তৎকালীন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের নির্দেশে ‘এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪’ প্রণয়ন করা হয়। নীতিমালা অনুযায়ী ২০২৫ সালের সেপ্টেম্বর থেকেই বদলির প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু এখনো শূন্যপদের তালিকা প্রকাশ না হওয়ায় শিক্ষকদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র এএইচ বাবলু বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ কর্তৃপক্ষের দেরির কারণে দেশের হাজারো শিক্ষক তাদের পরিবার থেকে অনেক দূরে কর্মরত। আগামী ২০ অক্টোবরের মধ্যে যদি শূন্যপদের তালিকা প্রকাশ না হয়, তাহলে ২৩ অক্টোবর অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আরও পড়ুন

×