জাতীয়তাবাদী ওলামা দলের মধ্যে অভিযান চালানোর দাবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬ | ২৩:৫২
জাতীয়তাবাদী ওলামা দলের কতিপয় নেতার বিরুদ্ধে ফ্যাসিস্ট লালনের অভিযোগ তুলেছেন বাংলাদেশ কাজী সমিতি। মঙ্গলবার সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ কাজী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ অভিযোগ করেন। পাশাপাশি জাতীয়তাবাদী ওলামা দলের মধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে প্রকৃত শহীদ জিয়ার আদর্শের আলেম ওলামাদের দিয়ে দল গঠন করার জন্য প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের প্রতি দাবি জানান বক্তারা।
'শহীদ জিয়ার কর্মময় জীবন ও ওলামা মাশায়েখদের মর্যাদা' শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান জাতীয়তাবাদী ওলামা দলের বেশ কয়েকজন নেতার সঙ্গে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে কতিপয় চিহ্নিত কাজীর ঘনিষ্ঠ সখ্যতা রয়েছে। ফ্যাসিস্ট সরকারের এই নেতাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা নিয়ে তাদেরকে সরকারের ঊর্ধ্বতন কর্মকতাদের সাক্ষাৎ ও আইনমন্ত্রনালয়ে যাতায়াত এবং বিভিন্ন কৌশলে অর্থ আদায়ের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। এতে করে শহীদ জিয়ার আদর্শ থেকে তারা বিচ্যুত হয়ে পড়ছেন।
সভায় মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সভাপতি কাজী ছাব্বীর বলেন, ওলামা দলের কতিপয় নেতা ফ্যাসিস্ট সরকারের সমর্থকদের সঙ্গে হাত মিলিয়ে আলেম সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছেন। পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমলে যারা আইনমন্ত্রনালয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে কাজীদের বিভিন্ন ভাবে হয়রানি করে নিয়োগ বাণিজ্যে লিপ্ত ছিলো, তারাই আবার বর্তমানে বিভিন্ন কৌশলে জাতীয়তাবাদী ওলামা দলের কতিপয় নেতার সরাসরি সহযোগিতায় সারাদেশে নিকাহ রেজিস্ট্রার তথা আলেম সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছেন।
বাংলাদেশ কাজী সমিতির সভাপতি ও পল্লবী থানা বিএনপির যুগ্ম-আহবায়ক এএসএম কাদের কিবরিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন কাজী মোজাম্মেল, কাজী সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ, কাজী হাবিবুল্লাহ সাচ্চু, কাজী মহিউদ্দিন সাদেক, কাজী আব্দুজ জাহের, কাজী মেহেদী হাসান নোমান প্রমুখ।
- বিষয় :
- ওলামা দল