শিক্ষা ও গবেষণায় যৌথভাবে কাজ করবে ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটি
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ মে ২০২৬ | ২২:৪৬
শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ইউনিভার্সিটি এবং চীনের আনহুই নরমাল ইউনিভার্সিটি। সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির আওতায় দুই বিশ্ববিদ্যালয় যৌথভাবে গবেষণাগার ও গবেষণাকেন্দ্র স্থাপন, আন্তর্জাতিক গবেষণা অনুদানের জন্য আবেদন এবং বিভিন্ন একাডেমিক সেমিনার আয়োজন করবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ প্রোগ্রাম, যৌথ পিএইচডি প্রশিক্ষণ এবং বিভিন্ন বিষয়ে একাডেমিক সফর পরিচালনার বিষয়েও একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
এছাড়া অত্যাধুনিক প্রযুক্তি বিষয়ে জ্ঞান বিনিময়, শিল্পখাতের সঙ্গে অংশীদারত্ব এবং পাবলিক পলিসি নিয়ে যৌথ গবেষণার ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানো হবে। উভয় বিশ্ববিদ্যালয়ই সমাজমুখী গবেষণা ও কার্যকর জ্ঞানচর্চাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে।
ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এবং আনহুই নরমাল ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক জিয়ং ইউজি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় তুলে ধরেন। একই সঙ্গে ঢাকায় চীনা দূতাবাসের সহায়তায় ব্র্যাক ইউনিভার্সিটিতে একটি ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করে চীনা প্রতিনিধিদল।
কনফুসিয়াস ইনস্টিটিউট হলো চীনা সরকারের অর্থায়নে পরিচালিত অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে চীনা ভাষা ও সংস্কৃতি পরিচিত করা হয় এবং জনগণের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো হয়।
অনুষ্ঠানে প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, “দুই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শক্তির জায়গা রয়েছে। এই সহযোগিতার মাধ্যমে আমরা সেই সক্ষমতাগুলো আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবো বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “যৌথ উদ্যোগের মাধ্যমে সমাজের জন্য আরও কার্যকর অবদান রাখার পাশাপাশি গ্লোবাল সাউথের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায়ও এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এর আগে গত বছরের অক্টোবরে চীন সফর করেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম এবং অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার। সে সময় তারা আনহুই নরমাল ইউনিভার্সিটি পরিদর্শন করে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বর্তমান এই সমঝোতা স্মারক সেই আলোচনারই বাস্তব প্রতিফলন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড এবং বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা।
- বিষয় :
- ব্র্যাক ইউনিভার্সিটি
