বিইউবিটির জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ২২:৪৪
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ডিবেটিং ক্লাবের (বিইউবিটিডিসি) আয়োজনে অনুষ্ঠিত ‘১ম বিইউবিটিডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ সম্পন্ন হয়েছে। এ প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশ নেন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।
আয়োজকদের মতে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো যুক্তিনিষ্ঠ উপস্থাপনা, বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং চমৎকার বক্তৃতা দক্ষতার মাধ্যমে নিজেদের মেধার স্বাক্ষর রেখেছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটিডিসির চিফ মডারেটর অধ্যাপক ড. সৈয়দ মাসুদ হোসেইন, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহমেদ রেজা, স্পোর্টস এডিটর তাহমিদ আমিত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ড. আবদুন নূর তুষার এবং কীনোট স্পিকার ও ওয়ার্কশপ ফ্যাসিলিটেটর মানজুর আল মাতিন।
বিইউবিটির জনসংযোগ বিভাগ জানিয়েছে, এ প্রতিযোগিতা তরুণদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, বাকস্বাধীনতা চর্চা এবং জাতি গঠনে তাদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতাকারী বিচারকমণ্ডলী, স্বেচ্ছাসেবক, ক্লাব অংশীদার ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আয়োজকরা জানান, প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও এর মাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্ব, চিন্তার আদান-প্রদান এবং অনুপ্রেরণার ধারা তরুণ সমাজের মধ্যে দীর্ঘদিন ধরে ইতিবাচক প্রভাব ফেলবে। যুক্তি, সংলাপ ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিইউবিটিডিসি ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।
- বিষয় :
- বিতর্ক
- প্রতিযোগিতা
- ঢাকা বিশ্ববিদ্যালয়
