সমাবর্তনের অপেক্ষায় জবির ২১ হাজার শিক্ষার্থী
ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬ | ২১:৫৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পার হলেও এখন পর্যন্ত মাত্র একটি সমাবর্তনের আয়োজন করতে পেরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০২০ সালে প্রথম সমাবর্তনের পর কেটে গেছে পাঁচ বছরের বেশি সময়। এর মধ্যে কয়েকটি শিক্ষাবর্ষের হাজারো শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। নতুন রাষ্ট্রপতি নিয়োগের পর সমাবর্তনের প্রস্তুতি ও সম্ভাব্য সময়সূচি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্পন্ন করা বিভিন্ন বিভাগের স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য ডিগ্রিধারী মিলিয়ে প্রায় ২১ হাজার শিক্ষার্থী দ্বিতীয় সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন বলেন, প্রাথমিকভাবে আগামী বছরের ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে নির্ধারিত সময়েই অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয়েছিল ২০২০ সালের ১১ জানুয়ারি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৪ বছর পর পুরান ঢাকার ধূপখোলা মাঠে আয়োজিত সমাবর্তনে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন। প্রথম সমাবর্তনে প্রায় ১৯ হাজার গ্র্যাজুয়েট অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম থেকে নবম ব্যাচ পর্যন্ত বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীরা এতে অংশগ্রহণের সুযোগ পান।
২০২২ সালে দ্বিতীয় সমাবর্তনের আয়োজন বিষয়ে নীতিগত আলোচনা শুরু হয়েছিল। সে সময় ২০১৩-১৪ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ পর্যন্ত ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীদের নিয়ে সমাবর্তনের পরিকল্পনা ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন ব্যাচের শিক্ষা কার্যক্রম শেষ হওয়ায় সম্ভাব্য অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করেছেন। অনেকে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত, আবার কেউ উচ্চশিক্ষা ও চাকরির প্রয়োজনে বিদেশে অবস্থান করছেন। দ্বিতীয় সমাবর্তনের আয়োজন হলে দীর্ঘদিন পর বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে একই আয়োজনে একত্রিত করার সুযোগ তৈরি হবে।
লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, ‘২০২৪ সালে আমার স্নাতক সম্পন্ন হয়েছে। সমাবর্তন একজন শিক্ষার্থীর জীবনের গৌরবময় ও স্মরণীয় একটি অধ্যায়। কয়েকটি ব্যাচ দীর্ঘদিন ধরে সমাবর্তনের অপেক্ষায় রয়েছে। আমরা চাই দ্রুত দ্বিতীয় সমাবর্তনের আয়োজন করা হোক।’
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে জানা গেছে, সমাবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত ও তারিখ নির্ধারিত হলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তালিকা তৈরি, ফল যাচাই, সনদ প্রস্তুত, নিবন্ধনসহ প্রয়োজনীয় একাডেমিক কার্যক্রম শুরু করা হবে।
- বিষয় :
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- সমাবর্তন